• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

২৭তম বিসিএসে সুপারিশপ্রাপ্তদের চাকরির ধারাবাহিকতা নিয়ে স্পষ্টীকরণ

প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ ৩:১৬
আপডেট: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ ৩:১৬

২৭তম বিসিএসে সুপারিশপ্রাপ্তদের চাকরির ধারাবাহিকতা নিয়ে স্পষ্টীকরণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
২৭তম বিসিএস (২০০৫) পরীক্ষার প্রথম ধাপের মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সুপারিশপ্রাপ্ত এবং ১ জানুয়ারি ২০২৬ তারিখে চাকরিতে যোগদানকারী কর্মকর্তাদের বেতন নির্ধারণ, পদসমতা, চাকরির ধারাবাহিকতা, বেতন সংরক্ষণ ও অন্যান্য আর্থিক সুবিধা বিষয়ে স্পষ্টীকরণ দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।

অর্থ বিভাগের বাস্তবায়ন-৮ শাখা থেকে জারি করা এক পত্রে এ তথ্য জানানো হয়।

গত মঙ্গলবার (২৩ জুন) জারি করা ওই পত্রে স্বাক্ষর করেন অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মুসফিকুল আলম হালিম।

স্পষ্টীকরণপত্রে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখের প্রজ্ঞাপনের আলোকে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বেতন নির্ধারণের ক্ষেত্রে বিশেষ বিধান অনুসরণ করতে হবে।

এতে বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য ৩০ জুন ২০০৯ পর্যন্ত জাতীয় বেতনস্কেল-২০০৫, ১ জুলাই ২০০৯ থেকে ৩০ জুন ২০১৫ পর্যন্ত জাতীয় বেতনস্কেল-২০০৯ এবং ১ জুলাই ২০১৫ থেকে কার্যকর জাতীয় বেতনস্কেল-২০১৫ অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট গণনা করা হবে।

পত্র অনুযায়ী, ৩০ নভেম্বর ২০০৮ অথবা জনপ্রশাসন মন্ত্রণালয় নির্ধারিত সমতুল্য তারিখ থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সময়কে ইনক্রিমেন্ট গণনার ভিত্তি হিসেবে ধরে নবম গ্রেডে মূল বেতন নির্ধারণ করা যাবে।

তবে অর্থ বিভাগ স্পষ্ট করেছে, এ ইনক্রিমেন্ট গণনা শুধুমাত্র ১ জানুয়ারি ২০২৬ তারিখে যোগদানের সময় মূল বেতন নির্ধারণের উদ্দেশ্যে প্রযোজ্য হবে। কর্মকর্তারা চাকরিতে প্রকৃত যোগদানের আগের সময়ের জন্য কোনো বকেয়া বেতন বা আর্থিক সুবিধা দাবি করতে পারবেন না।

এছাড়া, ৩০ নভেম্বর ২০০৮ সালের আগে যারা ক্যাডার, নন-ক্যাডার বা অন্য কোনো সরকারি চাকরিতে কর্মরত ছিলেন, তাদের ক্ষেত্রে বিদ্যমান বিধি অনুযায়ী বেতন সংরক্ষণের সুযোগ থাকলে তা বিবেচনায় নিয়ে বেতন নির্ধারণ করা হবে।

চাকরির ধারাবাহিকতা বিষয়ে অর্থ বিভাগ জানিয়েছে, ১ জানুয়ারি ২০২৬ তারিখে যোগদানের আগে কোনো কর্মকর্তা সংশ্লিষ্ট ক্যাডারে স্থায়ীকরণের পূর্বশর্ত পূরণ করে থাকলে এবং একই ক্যাডারে পুনরায় যোগদান করলে তার অর্জিত যোগ্যতা সংরক্ষণ করা যেতে পারে।

পদসমতার বিষয়ে অর্থ বিভাগ বলেছে, বিদ্যমান আইন, বিধি ও পদসোপান কাঠামোর আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে জনপ্রশাসন মন্ত্রণালয়।

পত্রে আরও উল্লেখ করা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখের নিয়োগ-সংক্রান্ত প্রজ্ঞাপন এবং এ বিষয়ে পরবর্তীতে জারি করা নির্দেশনাগুলোর শর্তাবলি যথাযথভাবে অনুসরণ করতে হবে। সূত্র: বাসস