• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বাজেট নয়, এটি প্রচারণার দলিল: নাহিদ ইসলাম

প্রকাশ: রবিবার, ২৮ জুন, ২০২৬ ১১:২১
আপডেট: রবিবার, ২৮ জুন, ২০২৬ ১১:২১

965965523

বাজেট নয়, এটি প্রচারণার দলিল: নাহিদ ইসলাম

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে একটি ভঙ্গুর অর্থনীতির ওপর দাঁড়িয়ে থাকা অবাস্তব ও প্রচারণার দলিল বলে অভিহিত করেছেন বিরোধীদলীয় চীফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, এই বাজেটে সাধারণ মানুষের কর্মসংস্থান ও উৎপাদন বৃদ্ধির চেয়ে ভোগ বিলাস ও আমদানিনির্ভর পরিকল্পনাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে।

রবিবার (২৮ জুন) জাতীয় সংসদের অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

নাহিদ ইসলাম বলেন, ১৯৭১ সালের পর আওয়ামী লীগ সবকিছু দলীয়করণ ও দখল করার ফলে দেশে দুর্ভিক্ষ এসেছিল। পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় এসে মুক্তবাজার অর্থনীতি ও মাঝারি শিল্পের বিকাশের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করেছিলেন। পোশাক শিল্প ছিল তার বড় উদাহরণ। বর্তমান সংকটে আমাদের তরুণদের জন্য জিয়ার সেই জমানার মতো সুপরিকল্পিত কর্মসংস্থান তৈরির নীতি প্রয়োজন ছিল, যা এই বাজেটে অনুপস্থিত।

তিনি বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনি সমাজে কনজামশন ডিমান্ড (ভোগের চাহিদা) তৈরি করছেন, কিন্তু প্রোডাকশন বা ইনভেস্টমেন্ট ডিমান্ড তৈরি করছেন না। মানুষ এই টাকা দিয়ে ভারতীয় বা চীনা পণ্য কিনবে। এতে উচ্চ মূল্যস্ফীতি হবে এবং একটি নির্ভরশীল জনগোষ্ঠী তৈরি হবে। আমাদের দরকার ছিল তরুণদের প্রশিক্ষণ ও ঋণ দিয়ে প্রোডাকশন সেক্টরে কাজে লাগানো।

নাহিদ ইসলাম বলেন, দেশের অর্থ লুটপাটকারী এবং গণহত্যার সঙ্গে জড়িতদের অপরাধকে তিনি একই ধরনের গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করেন। তার অভিযোগ, এস আলম, বেক্সিমকো, ওরিয়ন ও নাসা গ্রুপের মতো যেসব প্রতিষ্ঠান বিপুল পরিমাণ অর্থ পাচার করেছে, তাদের বিরুদ্ধে বিদ্যমান আইনের আওতায় কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। এজন্য এসব প্রতিষ্ঠানের সম্পদ জাতীয়করণের পাশাপাশি নতুন আইন প্রণয়ন করে বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

বিদ্যুৎ খাত নিয়ে সমালোচনা করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ১২ টাকায় বিদ্যুৎ কিনে ৬ টাকায় বিক্রি করছে। এতে সৃষ্ট আর্থিক ঘাটতির বোঝা শেষ পর্যন্ত জনগণের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তার মতে, আদানি গ্রুপ ও সামিট গ্রুপের সঙ্গে হওয়া অসম চুক্তিগুলো আন্তর্জাতিক পর্যায়ে চ্যালেঞ্জ করতে হবে। তিনি বলেন, এগুলো কেবল দুর্নীতির উদাহরণ নয়, বরং পরিকল্পিত কাঠামোগত লুটপাটের অংশ। বিদ্যুতের দাম কমানো না গেলে দেশে নতুন শিল্প বিনিয়োগও বাধাগ্রস্ত হবে বলে মন্তব্য করেন তিনি।

পররাষ্ট্রনীতি প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, সীমান্তে বিএসএফের গুলিতে ১০ জন বাংলাদেশি নিহত হয়েছেন। এছাড়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী শুভেন্দু অধিকারীর বাংলাদেশবিষয়ক বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, এ ধরনের বক্তব্য গ্রহণযোগ্য নয়। তিনি অভিযোগ করেন, ইসরায়েলের মতো শিক্ষা দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। এসব বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে দৃঢ় ও উপযুক্ত জবাব দেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি বলেন, ভারতের নতুন হাইকমিশনারের উচিত গত ১৬ বছর আওয়ামী লীগকে অনৈতিকভাবে ক্ষমতায় টিকিয়ে রাখতে সহায়তা করার জন্য বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাওয়া।

তিনি আরও অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত জুলাই ফাউন্ডেশন পর্যাপ্ত অর্থের অভাবে কার্যক্রম পরিচালনায় সংকটে রয়েছে। এ কারণে প্রতিষ্ঠানটির জন্য বিশেষ বরাদ্দ দেওয়ার দাবি জানান তিনি। পাশাপাশি আগামী ৫ আগস্টের মধ্যে ‘জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর’ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করার আহ্বানও জানান।

নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক সংস্কার ও সুশাসন প্রতিষ্ঠা ছাড়া অর্থনৈতিক সংস্কার বাস্তবায়ন সম্ভব নয়। তিনি দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং বিচার বিভাগে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে দুর্নীতি নিয়ন্ত্রণের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া জুলাই সনদে দেওয়া অঙ্গীকার অনুযায়ী বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তা না হলে প্রস্তাবিত এই বড় বাজেট সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখতে পারবে না।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com