জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
তুরাগ নদ থেকে একাধিক লাশ উদ্ধারের বিষয়ে ছড়িয়ে পড়া তথ্য, ছবি ও ভিডিওকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। বিষয়টি গুরুত্বের সঙ্গে অনুসন্ধান করে এমন কোনো ঘটনার সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রবিবার (২৮ জুন) বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন নজরুল ইসলাম।
নজরুল ইসলাম জানান, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের অধীন তুরাগ থানা এলাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ধারাবাহিক লাশ উদ্ধার, হত্যাকাণ্ড বা এ ধরনের কোনো ঘটনার তথ্য পাওয়া যায়নি। তিনি বলেন, এ বিষয়ে তুরাগ থানায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিযোগ, সাধারণ ডায়েরি (জিডি) কিংবা মামলা দায়েরেরও কোনো রেকর্ড নেই।
তিনি আরও জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত দাবিগুলোর সত্যতা যাচাই করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনী কোনো তথ্য-প্রমাণ খুঁজে পায়নি। এ বিষয়ে বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়েছে।
ডিএমপির তথ্যমতে, মিরপুর ক্রাইম ডিভিশনের আওতাধীন পল্লবী ও রূপনগর থানার ভৌগোলিক সীমানাও পর্যালোচনা করা হয়েছে। সেখানেও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দাবির সঙ্গে মিল রয়েছে—এমন কোনো অভিযোগ, তথ্য বা ঘটনার সত্যতা সমর্থনকারী প্রমাণ পাওয়া যায়নি।

