জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
২৭তম বিসিএসে উত্তীর্ণ আরও ৭৭ জন বঞ্চিত প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার। রোববার (৫ জুলাই) বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সুপারিশে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জানা গেছে, আইনি লড়াইয়ে জিতে দুই দশক পর গত বছরের ১৮ ডিসেম্বর ২৭তম বিসিএসের ৬৭৩ জন চাকরিপ্রার্থীকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপর ১৩ মে আরও ৯৬ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, নবনিয়োগপ্রাপ্তদের আগামী ১৪ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগের নির্ধারিত কার্যালয়ে যোগদান করতে বলা হয়েছে। একই সঙ্গে উল্লেখ করা হয়, ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগ থেকে ভিন্ন কোনো নির্দেশনা না এলে ওই নির্ধারিত তারিখেই যোগদান সম্পন্ন হবে। নির্ধারিত সময়ে যোগদান না করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে চাকরিতে যোগদানে অনিচ্ছুক হিসেবে গণ্য করা হবে এবং তার নিয়োগপত্র বাতিল বলে বিবেচিত হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, নিয়োগপ্রাপ্তদের জ্যেষ্ঠতা সংরক্ষণের স্বার্থে তাদের ব্যাচের প্রথম নিয়োগ প্রজ্ঞাপন যেদিন জারি করা হয়েছিল, সেই তারিখ থেকে এ নিয়োগ আদেশ ভূতাপেক্ষিকভাবে কার্যকর হবে। ব্যাচের প্রথম নিয়োগ প্রজ্ঞাপনের যোগদানের তারিখ থেকে তাদের ধারণাগত জ্যেষ্ঠতা বহাল থাকবে। তবে এই ভূতাপেক্ষিক কার্যকারিতার কারণে কোনো ধরনের বকেয়া আর্থিক সুবিধা প্রযোজ্য হবে না।













