আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
ছবিঃ প্রতিনিধি
দেশি-বিদেশি বিনিয়োগের প্রধান শর্তই হলো নিরাপদ ও অনুকূল পরিবেশ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
দেশে টেকসই শিল্পায়ন ও নতুন বিনিয়োগ আকর্ষণের জন্য স্থিতিশীল আইনশৃঙ্খলার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশি-বিদেশি বিনিয়োগের প্রধান শর্তই হলো নিরাপদ ও অনুকূল পরিবেশ। আর এই নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ‘জিরো টলারেন্স’ (শূন্য সহনশীলতা) নীতিতে কাজ করছে।’
সোমবার (২৭ জুলাই) চট্টগ্রামের আনোয়ারায় চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের (সিইআইজেড) উন্নয়নকাজের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যেকোনো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও শিল্পায়নের মূল ভিত্তি হলো শক্তিশালী আইনশৃঙ্খলা পরিস্থিতি। বিনিয়োগকারীরা তাদের পুঁজি খাটাতে চান যেখানে জানমালের নিরাপত্তা নিশ্চিত থাকে। সেই নিরাপত্তা নিয়ে যদি সামান্যতম শঙ্কাও থাকে, তবে বিদেশি বিনিয়োগ তো দূরের কথা, দেশীয় উদ্যোক্তারাও এগিয়ে আসবেন না।’
মন্ত্রী আরও বলেন, ‘সিইআইজেডসহ দেশের সবকটি অর্থনৈতিক অঞ্চলের সার্বিক নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। শিল্পাঞ্চলগুলোর আইনশৃঙ্খলা রক্ষায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীও অত্যন্ত তৎপর রয়েছে। কোনো ধরনের অপতৎপরতা বা বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না।’
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, সিইআইজেডের চেয়ারম্যান ওয়াং বেনচিয়ান, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং স্থানীয় সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামসহ চট্টগ্রামের বিশিষ্টজনেরা।

