জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ বিমানবাহিনীর ৬৭তম ফ্লাইং ইন্সট্রাক্টরস্ কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বগুড়ায় এরুলিয়া এয়ারফিল্ডের বিমানবাহিনী ফ্লাইং ইন্সট্রাক্টরস্ স্কুলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সহকারী বিমানবাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সে অংশ নেওয়া বাংলাদেশ বিমানবাহিনীর ১৬ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তার মাঝে সনদপত্র বিতরণ করেন। প্রধান অতিথি এ সময় প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
আইএসপিআর আরও জানায়, ৬৭তম ফ্লাইং ইন্সট্রাক্টরস্ কোর্সের স্কোয়াড্রন লিডার মির্জা মো. জুবাইর হোসেন সার্বিকভাবে চৌকস প্রশিক্ষণার্থী কর্মকর্তা হিসেবে বিবেচিত হয়ে বহুল প্রত্যাশিত ‘মফিজ ট্রফি’ অর্জন করেন। অনুষ্ঠান পরিচালনায় ফ্লাইং ইন্সট্রাক্টরস্ স্কুলের অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন মুহাম্মদ সাইফুল ইসলাম এ প্রতিষ্ঠানে পরিচালিত কোর্স সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরেন।
অনুষ্ঠানে বিমানবাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের এয়ার অধিনায়ক, বিমানবাহিনী ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের কমান্ড্যান্ট, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

