• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

জামায়াত-এনসিপির মব সৃষ্টির সুযোগে আ. লীগ ফেরার চেষ্টা করবে: রাশেদ খান

প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬ ৩:৫৯
আপডেট: শনিবার, ৮ আগস্ট, ২০২৬ ৩:৫৯

জামায়াত-এনসিপির মব সৃষ্টির সুযোগে আ. লীগ ফেরার চেষ্টা করবে: রাশেদ খান

ঝিনাইদহ প্রতিনিধি
ছবি:সংগৃহীত
জামায়াত-এনসিপির মব সৃষ্টির সুযোগ নিয়ে পরাজিত শক্তি আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার অপচেষ্টা করতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে ঝিনাইদহ সার্কিট হাউজে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জামায়াতে ইসলামী ও এনসিপির নেতা-কর্মীরা সচিবালয়ের সামনে মব সৃষ্টি করছে। তারা বিদেশি অতিথিদের সামনে সরকারি অনুষ্ঠানগুলোতে মব সৃষ্টি করছে।

জামায়াত-এনসিপি এক সপ্তাহের মধ্যে সরকারের পতন ঘটাতে চায়। জামায়াত ভুলে গেছে, তারা স্বাধীনতাবিরোধী শক্তি। কাজেই, তারা কখনোই দেশের ক্ষমতায় যেতে পারবে না। ক্ষমতায় যেতে হলে জামায়াত এনসিপিকে অন্তত ১০ বছর তাদের বিরোধী দলে থাকতে হবে।

রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এখন নিষিদ্ধ রাজনৈতিক দল। তাদের আর দেশে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। তবে, জামায়াত ও এনসিপির নেতারা যেভাবে মব সৃষ্টির মাধ্যমে আইনশৃঙ্খলার অবণতি ঘটানোর অপচেষ্টা চালাচ্ছে, তাতে আওয়ামী লীগের ফেরার পথ তারাই করে দিচ্ছে।

বিরোধী দলের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা সরকারকে চাপে রাখতে একের পর এক হঠকারি কর্মকাণ্ড করছেন। এই সব হঠকারি কর্মকাণ্ড জনগণ মেনে নেবে না। জামায়াত ও এনসিপিকে মনে রাখতে হবে, বিএনপিকে রাজনীতির মাঠে মারা অপচেষ্টা করবেন না। বিএনপি মরলে জামায়াত ও এনসিপিকে ও মরতে হবে। আওয়ামী লীগ যদি ফেরে, দমন পীড়ন যেভাবে বেড়ে যাবে, তা ভাবতেও পারছেন না।’

রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে বিএনপির অবস্থান কী? এমন প্রশ্নের জবাবে রাশেদ খান বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারে বিএনপি প্রার্থী দিয়েছে। এ ব্যাপারে বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্যরা দলের চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রীর ওপর দায়িত্ব দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী তার মেধা, যোগ্যতা, বিচক্ষণতা ও দুরদর্শিতা দিয়ে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। জামায়াত ও এনসিপি জাতীয় নির্বাচনে পরাজয়ের ভয়ে রাষ্ট্রপতি নির্বাচনে ও প্রার্থী দিচ্ছে না। আমরা চাই, তারাও প্রার্থী দিক। এটিই গণতন্ত্রের সৌন্দর্য্য।’

জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনার সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, ঝিনাইদহ পৌর বিএনপির সভাপতি মাহবুবুর রহমান শেখর, জেলা ছাত্রদলের সভাপতি মো. ইমরান হোসেন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল উপস্থিত ছিলেন।