জনতার আওয়াজ ডেস্ক
ছবি:সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগের অধ্যাপক চিত্রশিল্পী ড. আব্দুস সাত্তার। ছবি: খবরের কাগজ
নড়াইলের বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের নামে সুলতান সম্মাননা পদক দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগের অধ্যাপক চিত্রশিল্পী ড. আব্দুস সাত্তারকে।
সোমবার (১০ আগস্ট) দুপুরে নড়াইল জেলা শিল্পকলা অ্যাকাডেমির হল রুমে এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকীতে আলোচনা সভায় চিত্রশিল্পী অধ্যাপক ড.আব্দুস সাত্তারকে এস এম সুলতান সম্মাননা পদক প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতি বিষয়কমন্ত্রী নিতাই রায় চৌধুরী।
নড়াইল জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা, বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন, চারুকলা বিভাগের পরিচালক আব্দুল হালিম চঞ্চল, জেলা পরিষদের প্রশাসক মোস্তাফিজুর রহমান আলেক, জেলা পরিষদের নির্বাহী প্রধান আছাদুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক রেজা আসাদ আল হুদা অনুপম, খুলনা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বিমানেশ চন্দ্র বিশ্বাস, শিল্পকলা অ্যাকাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেনসহ প্রশাসন, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জন্মবার্ষিকীর কর্মসূচি শেষ হয়।
বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর মৃত্যুবরণ করেন। ‘মাটি ও মানুষের চিত্রশিল্পী’ সুলতানকে নড়াইল শহরের কুড়িগ্রামে স্মৃতি সংগ্রহশালা চত্বরে চিরনিদ্রায় শায়িত করা হয়।
উল্লেখ্য, আব্দুস সাত্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগের অধ্যাপক। একুশে পদক-২০২৬ পাওয়া এ শিল্পীর প্রাচ্য শিল্পরীতি, ঐতিহ্যবাহী ভারতীয় ও প্রাচ্য ম্যুরাল এবং আধুনিকতার সংমিশ্রণে শিল্পকর্ম সৃষ্টিতে বিশেষ খ্যাতি রয়েছে। তার ২০টির অধিক প্রকাশনা রয়েছে যে গুলো কলেজ ও বিশ্ববিদ্যালয়ে রেফারেন্স বুক হিসাবে তালিকাভুক্ত।

