জনতার আওয়াজ ডেস্ক
ছবি:সংগৃহীত
খাল দখলদারদের উদ্দেশে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, যত ক্ষমতাবানই হোন, পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রকল্প বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, ‘জনগণ সহযোগিতা করলে যে কোনো ব্যক্তি, যে কোনো দলের হোন, যত ক্ষমতাবানই হোন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রকল্প বাস্তবায়ন করা হবে।’
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত রূপগঞ্জ উপজেলার বিভিন্ন খাল ও নারায়ণগঞ্জ-নরসিংদী সেচ প্রকল্প-২ পরিদর্শনকালে খাল দখলদারদের উদ্দেশে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘পানিসম্পদ মন্ত্রণালয়ের যেসব পরিকল্পনা রয়েছে, জনগণ ও জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে সেসব পরিকল্পনা বাস্তবায়ন করব। আমার বিশ্বাস, আজকের এই পরিদর্শনের মাধ্যমে যারা অবৈধভাবে খাল দখল করে রেখেছেন, তারা দখল ছেড়ে দেবেন। তাহলে আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারব।’
এ সময় তিনি উপজেলার তারাব পৌরসভার যাত্রামুড়া, রূপসী, কর্ণগোপসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনসহ অনেকে।

