বিনোদন ডেস্ক
ছবি সংগৃহীত
মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীর আয়ের উৎস ও সম্পদ অনুসন্ধানের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানের কাছে আবেদন করা হয়েছে। গত রবিবার রাজধানীর মিরপুরের এক বাসিন্দা এই আবেদন করেন। আবেদনপত্রে অভিনেত্রীর জীবনযাপন, সম্পদের উৎস ও আর্থিক কর্মকাণ্ড খতিয়ে দেখার অনুরোধ জানানো হয়েছে।
আবেদনকারীর দাবি, স্নিগ্ধা চৌধুরীর দৃশ্যমান আয়ের তুলনায় তার জীবনযাপন ও সম্পদের পরিমাণ অসামঞ্জস্যপূর্ণ। আবেদনপত্রে উল্লেখ করা হয়, তিনি ‘রাস্তা’ ও ‘প্রেশার কুকার’ নামের দুটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এর পাশাপাশি কিছু বিজ্ঞাপনচিত্র ও র্যাম্প শোতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।
আবেদনপত্রে স্নিগ্ধা চৌধুরীর বিরুদ্ধে মাদক ও স্বর্ণ চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও করা হয়। তবে এসব দাবির সপক্ষে কোনো প্রমাণ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য যুক্ত করা হয়নি। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে বিলাসবহুল জীবনযাপন ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে অভিনেত্রীর বিভিন্ন বক্তব্য তদন্তের আওতায় আনার অনুরোধ জানান আবেদনকারী।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে এসব অভিযোগের সত্যতা যাচাইয়ের দাবি জানানো হয়েছে। অনুসন্ধান শেষে কোনো অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয় আবেদনে।












