জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে ‘জুলাইয়ের কণ্ঠস্বর: তারুণ্য, প্রত্যয় ও প্রতিরোধ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের শারাফাত চৌধুরী মাল্টি-পারপাস হলে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও কিংবদন্তী ধারাভাষ্যকার চৌধুরী জাফরউল্লাহ শারাফাত। বিশেষ আলোচক ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ সানজাদ শেখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (মনোনীত) অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক।
প্রধান অতিথির বক্তব্যে ববি হাজ্জাজ বলেন, “১৮ জুলাই কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে আমি আন্দোলনে ছিলাম। ৫ আগস্টের মাত্র তিন দিন পরেই এই বিশ্ববিদ্যালয় প্রথম ক্লাস শুরু করে। আমি অবাক হয়েছি আপনাদের এই তৎপরতা দেখে।”
তিনি বলেন, “আমি নিজে দেখেছি ৪০ জন সশস্ত্র পুলিশ সদস্য ক্যাম্পাস দখলে নিয়েছিল। ভবন ভাঙচুর করা হয়েছিল। এই ভগ্নদশা থেকে এত দ্রুত শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে আনা বেশ চ্যালেঞ্জিং ছিল। কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ সেটি করে দেখিয়েছে।”
বিশ্ববিদ্যালয়টির অগ্রগতির প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, প্রতিষ্ঠার মাত্র এক দশকের মধ্যেই শিক্ষার মানের কারণে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। একই সঙ্গে ডিপার্টমেন্ট অব শিপিং অ্যান্ড মেরিটাইন সায়েন্স চালুর মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ জনশক্তি তৈরিতে ভূমিকা রাখছে বলেও তিনি উল্লেখ করেন।
চৌধুরী জাফরউল্লাহ শারাফাত বলেন, শিক্ষার্থীদের উন্নয়নে যা যা করা প্রয়োজন, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড তা করবে। এ জন্য শিক্ষার্থীদের কাছ থেকে একটি সুস্পষ্ট রূপরেখা দেওয়ার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক বলেন, “সমাজ পরিবর্তন করতে হলে নিজেকে পরিবর্তন করতে হবে।” এ জন্য শিক্ষার্থীদের নিজেদের উজ্জ্বল ক্যারিয়ার গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আলোচনা সভায় বক্তারা জুলাইয়ের আন্দোলনে তরুণ সমাজের ভূমিকা, তারুণ্যের প্রত্যয় ও প্রতিরোধের চেতনা এবং দেশ গঠনে তরুণদের দায়িত্ব নিয়ে আলোচনা করেন। তারা তরুণদের দেশের অগ্রগতি ও উন্নয়নে সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

