জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা নিশ্চিত করতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানী ঢাকার একটি হোটেলে ‘খেলায় খেলায় শিখি তথ্যপুস্তক পর্যালোচনা’-বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী জানান, শিক্ষার্থীদের স্কুলমুখী করতে স্কুলড্রেস, মিড-ডে মিল কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। আগামীতে দেশের সব উপজেলাকে মিড-ডে মিল কর্মসূচির অন্তর্ভুক্ত করা হবে। ২০২৭ শিক্ষাবর্ষ থেকে দেশের প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে ‘খেলাধুলা’ ও ‘বাংলাদেশের সংস্কৃতি’ নামে দুটি নতুন পাঠ্যবই যুক্ত করা হচ্ছে। এ ছাড়া ৬ষ্ঠ শ্রেণিতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ শীর্ষক পাঠ্যপুস্তক প্রণয়নের কাজ চলছে। পাশাপাশি, ২০২৮ সাল থেকে প্রথম শ্রেণির কারিকুলামে খেলাধুলা বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে।
এ সময় শিক্ষামন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দেশীয় খেলাগুলোর প্রসারের ওপর গুরুত্ব আরোপ করেন।
তিনি বলেন, “আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষকের অভাব রয়েছে। এই সমস্যা নিরসনে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে ‘রিটায়ার্ড টিচার্স পুল’ গঠন করা যেতে পারে।”
এ সময় শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে।’
বিশেষ অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ‘শিশুদের আনন্দময় শিক্ষা দিতে হবে, যাতে শেখার আগ্রহ আসে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে সবাইকে একত্রে কাজ করতে হবে।’
এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক দেশের সব জায়গায় খেলার মাঠ বাড়ানো, প্রতিভাবান খেলোয়ারদের বিকাশে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা বলেন।
জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফরিদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী, সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর সুমন সেনগুপ্ত উপস্থিত ছিলেন।

