জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহসভাপতি সৈয়দা মোনালিসা ইসলামকে নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে তিন দিন রিমান্ডে নেওয়ার আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে, কারাগার থেকে তাকে আদালতে হাজির করা হয়।
জুলাই আন্দোলনে হত্যার ঘটনায় নিউ মার্কেট থানায় করা হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিকে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা গোয়েন্দা (ডিবি) পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক আমজাদ হোসেন তালুকদার।
রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীর শুনানি শেষে মোনালিসাকে রিমান্ডে নেওয়ার আদেশ দেন বিচারক।
পরে তার আইনজীবী তরিকুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘মেহেরপুরের ৮ মামলায় এবং ঢাকায় দুদকের করা একটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান মোনালিসা। কারাগার থেকে মুক্তি পাওয়ার আগে এ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। আজ রিমান্ড মঞ্জুর করা হয়েছে, যা অযৌক্তিক ও ন্যায়বিচার পরিপন্থি। এ নিয়ে মোট ১০টি মামলায় তাকে আসামি করা হলো।’
মামলার বিবরণে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১ নম্বর গেটের সামনে হামলাকারীদের গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যার অভিযোগে মামলা করেন নিহতের শ্যালক আব্দুর রহমান।
গত বছরের ১৬ ফেব্রুয়ারি গভীর রাতে ঢাকার ইস্কাটন রোডের একটি বাড়ি থেকে মোনালিসাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে কারাগারে আছেন তিনি।

