জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এ সময় তাদের সঙ্গে ছিলেন হুইপ
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২০ আগস্ট) দিবাগত রাতে অনুষ্ঠিত এ সাক্ষাতে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
এরই মধ্যে নিজের ফেসবুক পোস্টে এই সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ প্রায় ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনে তিনি ২৫৫ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
এর আগে এদিন দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল ৫টা পর্যন্ত চলে। মোট ৩৪৯ জন ভোটারের মধ্যে ৩৪৩ জন সংসদ সদস্য ভোট দেন। ভোট গণনা শেষে বিকেল ৫টা ২০ মিনিটের দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয়ী ঘোষণা করেন।
উল্লেখ্য, রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মির্জা ফখরুলকে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বিএনপির নেতারাও তাকে অভিনন্দন জানান।

