জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
বিএনপি সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় ক্লাবে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেছেন, বিএনপি সরকার জনগণকে দেওয়া কোনো প্রতিশ্রুতিই রক্ষা করতে পারেনি, বরং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় ক্লাবে পরিণত করেছে। একই সঙ্গে আইনের শাসন, চাঁদাবাজি-খুন, গ্যাস-বিদ্যুৎসংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণেও সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি সরকারের ১৮০ দিনের ব্যর্থতার চিত্র তুলে ধরে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, ‘গত ছয় মাসে ১৯ থেকে ২০টি বিশ্ববিদ্যালয়ে দলীয় বিবেচনায় উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। একইভাবে ১১টি সিটি করপোরেশন ও ৬৩টি জেলা পরিষদে দলীয় লোকদের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানকে মনোনয়নবঞ্চিত ও নির্বাচনে পরাজিত প্রার্থীদের পুনর্বাসনকেন্দ্রে পরিণত করা হয়েছে।’
জ্বালানিসংকটের প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, ‘সরকার দায়িত্ব নেওয়ার পরই ভয়াবহ জ্বালানিসংকট দেখা দেয়। সে সময় জ্বালানি তেলের দাম রেকর্ড পরিমাণ বাড়ানো হয়। এর প্রভাব পড়ে গণপরিবহন, সেচ ও সারসহ বিভিন্ন খাতে। বর্তমানে দেশে গ্যাসের চাহিদার ৪৩ শতাংশ ঘাটতি রয়েছে। ঢাকার বিভিন্ন এলাকায় চুলা জ্বলছে না এবং গ্যাসসংকটে শিল্পকারখানার উৎপাদনও কমেছে।’
তিনি বলেন, ‘গ্যাসসংকটের কারণে দেশের ক্রয়াদেশ অন্যত্র চলে যাচ্ছে। সরকার ক্ষমতায় যাওয়ার পর দুই বছর বিদ্যুতের দাম না বাড়ানোর অঙ্গীকার করলেও মাত্র দুই মাসের মধ্যে দাম বাড়ানো হয়েছে। পাশাপাশি লোডশেডিং ও ভূতুড়ে বিলের অভিযোগ রয়েছে। বিদ্যুৎ খাতে ক্যাপাসিটি চার্জের বোঝাও রয়ে গেছে। অন্তর্বর্তী সরকারের সময় গঠিত জাতীয় কমিটির সুপারিশও বাস্তবায়ন করা হচ্ছে না।’
নাহিদ ইসলাম বলেন, ‘কোনো সংকট দেখা দিলেই সরকার কখনো ফ্যাসিস্ট সরকার, আবার কখনো অন্তর্বর্তী সরকারের ওপর দায় চাপাচ্ছে। অথচ এর চেয়েও খারাপ পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছিল।’
কৃষকদের সারসংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘কৃষকরা প্রয়োজনীয় সার পাচ্ছেন না এবং বেশি দামে সার কিনতে বাধ্য হচ্ছেন। একই সঙ্গে ঋণ প্রবৃদ্ধিও বাড়ছে। স্বাস্থ্য খাতে হাম মহামারির জন্য অন্তর্বর্তী সরকারকে দায়ী করা হলেও সংকট এখনো কাটেনি। কোনো বিশেষায়িত হাসপাতালও গড়ে তোলা হয়নি।’
শিক্ষাঙ্গন নিয়েও অভিযোগ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দখলদারত্ব চলছে। বিরোধী মতাদর্শের শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের ওপর হামলার ঘটনা ঘটলেও এসব ঘটনায় কার্যকর বিচার হয়নি।’
রাজনৈতিক সহিংসতার পরিসংখ্যান তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, ‘গত ছয় মাসে দেশে ৮৩০টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে।’ এর মধ্যে ৬৭০টি ঘটনায় বিএনপি জড়িত বলে দাবি করেন তিনি।
দেশের বিভিন্ন স্থানে এনসিপির নেতা-কর্মীরাও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম।
তিনি আরও বলেন, ‘এনসিপি শুরু থেকেই বলে আসছে-সরকার গণভোটের গণরায় প্রত্যাখ্যান করে জনগণের সঙ্গে প্রতারণা করেছে।’
নাহিদ ইসলাম বলেন, ‘বিএনপি সরকার ১৮০ দিনে জ্বালানিসংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইনশৃঙ্খলার অবনতিসহ মোট ২৯টি ক্ষেত্রে অব্যবস্থাপনা ও ব্যর্থতার পরিচয় দিয়েছে। জনগণকে দেওয়া প্রতিশ্রুতিগুলোর কোনোটিই সরকার রক্ষা করতে পারেনি।’
সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

