জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
ঢাকার ক্রমবর্ধমান বিশুদ্ধ পানির চাহিদা ও পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা ও উন্নয়ন সহায়তার ক্ষেত্রে ডেনমার্ক বাংলাদেশের গুরুত্বপূর্ণ সহযোগী হতে পারে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান বিক্রস মোলারের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন। বৈঠকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ও ডেনমার্কের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, পানি সরবরাহ ও বর্জ্য ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়ানো এবং উন্নয়ন প্রকল্পে ডেনমার্কের বিনিয়োগ নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। স্থানীয় সরকারমন্ত্রী বলেন, পানি সরবরাহ ও বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনেও ডেনমার্কের বিনিয়োগের সুযোগ রয়েছে।
বৈঠকে সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ধাপে ডেনমার্কের অর্থায়ন ও সহযোগিতা নিয়েও আলোচনা হয়। এ প্রকল্পে ডেনমার্ক সাড়ে ৪ হাজার কোটি টাকা দেবে। এর মধ্যে ১ হাজার ৫০০ কোটি টাকা অনুদান এবং ৩ হাজার কোটি টাকা স্বল্পসুদে ঋণ হিসেবে দেওয়া হবে।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, প্রকল্পটির তৃতীয় ধাপে ডেনমার্কের সহযোগিতা সরকারের জন্য বড় সাফল্য। এটি বাস্তবায়িত হলে ঢাকার ক্রমবর্ধমান বিশুদ্ধ পানির চাহিদা অনেকাংশে পূরণ করা সম্ভব হবে এবং সরকারের ওপর বড় ধরনের আর্থিক চাপও পড়বে না।













