জনতার আওয়াজ ডেস্ক
ছবি: প্রতিনিধি
বিরোধী দলের আন্দোলনের কারণে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত ও দেশের জন্য ক্ষতি বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, বিরোধীদল লং মার্চ দিয়েছেন, আবার বলছেন আন্দোলন করবেন। বাংলাদেশটা যদি আন্দোলনের ওপর থাকে তাহলে এলাকার উন্নয়ন হবে না। এ আন্দোলন এলাকার জন্য ক্ষতি, দেশের জন্য ক্ষতি।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দিঘলী ইউনিয়নের দক্ষিণ দুর্গাপুর এলাকায় এসডিএফ এর বি স্ট্রং প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দেশের জনগণ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। নির্বাচনে বিএনপির সঙ্গে আরেকটি পক্ষ প্রতিদ্বন্দ্বিতা করেছে, যারা এখন বিরোধী দল। কিন্তু বিএনপি শপথ নেওয়ার দিন তারা উপস্থিত হয়নি, এমনকি সহযোগিতাও করেনি। এখন পর্যন্ত তারা আন্দোলনের কথা বলছে।
তিনি বলেন, হাসিনার বিরুদ্ধে বিএনপি ১৭ বছর আন্দোলন করেছে এবং এ সময়ে নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। হাসিনার অত্যাচার-নির্যাতনে দেশও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সবাই মিলে আন্দোলন করে দেশ ও গণতন্ত্রকে রক্ষা করা হয়েছে। এখন সেই অর্জনকে সুরক্ষিত করে নতুনভাবে বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ কাজে বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আরও বলেন, বিরোধী দল আন্দোলনের মাধ্যমে বিএনপিকে জিম্মি করতে চাচ্ছে। হাসিনা ১৭২ দিন হরতাল দিয়ে দেশের মানুষকে জিম্মি করে ক্ষমতায় এসেছিলেন এবং পরে ১৭ বছর দেশের ক্ষতি করেছেন।
তিনি বলেন, বিরোধী দল মনে করছে আন্দোলনের মাধ্যমে বিএনপি, তারেক রহমান এবং মন্ত্রী-এমপিদের দুর্বল করা যাবে। এরপর মা-বোনেরা বাধ্য হয়ে তাদের ভোট দিয়ে ক্ষমতায় আনবেন—এমন সুযোগ দেওয়া যাবে না। এজন্য সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে কাজ করতে হবে।
পানিসম্পদ মন্ত্রী বলেন, আড়াই বছর-তিন বছরের মধ্যে দৃশ্যমান উন্নয়ন দেখা যাবে। তারেক রহমানের হাতকে শক্তিশালী রাখলে উনার পিতা জিয়াউর রহমান যেভাবে দেশকে স্বনির্ভর করেছেন; উনার মা বেগম খালেদা জিয়া গ্রামে গ্রামে ঘুরে ঘুরে জনগণের সঙ্গে কাজ করেছেন, দেশের উন্নয়ন করেছিলেন। তারেক রহমানের নেতৃত্বে এ ধরনের কাজ আগামী ৫ বছরে যদি হয়, তাহলে আমাদের মুখে হাসি ফোটার সম্ভাবনা রয়েছে।
চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব, চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক ইউসুফ ভুঁইয়া, দিঘলী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সরওয়ার, সাধারণ সম্পাদক কাজী নুরুল আমিন, বিএনপি নেতা শাহজাহান মিয়া ও চন্দ্রগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহের ইসলাম জাহাঙ্গীর প্রমুখ।













