• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

সাড়ে ৪ মাস পর শুটিংয়ে ফিরলেন তানজিন তিশা

প্রকাশ: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ ৩:০৮
আপডেট: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ ৩:০৮

সাড়ে ৪ মাস পর শুটিংয়ে ফিরলেন তানজিন তিশা

বিনোদন ডেস্ক
ছবি সংগৃহীত
জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বেশ কিছুদিন ধরে নাটকের শুটিং থেকে দূরে ছিলেন। দীর্ঘ বিরতির কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে তার অভিনয় ছাড়ার গুঞ্জনও ছড়িয়ে পড়ে। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে আবারও নাটকের শুটিংয়ে ফিরেছেন এই অভিনেত্রী।

প্রায় সাড়ে চার মাস নতুন কোনো নাটকের শুটিংয়ে অংশ নেননি তিশা। গত বছর সাকিব ফাহাদ পরিচালিত ‘সোলজার’ সিনেমায় যুক্ত হওয়ার পর থেকেই নাটকে তাকে তুলনামূলক কম দেখা যায়। এ কারণে অনেকের ধারণা ছিল, সিনেমায় ব্যস্ত হয়ে নাটক থেকে হয়তো নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি।

তবে সেই ধারণা ভুল প্রমাণ করে বিরতি শেষে ইতোমধ্যে দুটি নাটকের কাজ শেষ করেছেন তানজিন তিশা। এর মধ্যে রয়েছে মহিদুল মহিমের ‘ভালোবাসার অভিযান’ এবং চয়নিকা চৌধুরীর ‘প্রথম দেখার পর’।

নাটকে ফেরার প্রসঙ্গে তানজিন তিশা বলেন, নাটক তার ক্যারিয়ারের শিকড় এবং এই জায়গা থেকে নিজেকে কখনোই দূরে রাখতে চান না।

তিশার ভাষ্য, প্রায় সাড়ে চার মাস নাটকের শুটিং না করায় অনেকেই ধরে নিয়েছিলেন, সিনেমার কারণে তিনি নাটক ছেড়ে দিয়েছেন। কিন্তু নিজের শিকড়কে কখনো ভুলে যাননি তিনি। নাটক যেমন তার শিকড়, তেমনি এটি তার ভালোবাসার জায়গাও।

তিনি জানান, আবার নাটকে কাজ শুরু করার সিদ্ধান্ত নেওয়ার পর চয়নিকা চৌধুরীর ‘প্রথম দেখার পর’ নাটকের জন্য শিডিউল দেন। এর আগে আরও একটি নাটকের কাজও শেষ করেছেন তিনি।

চয়নিকা চৌধুরীর নির্মাতা হিসেবে ক্যারিয়ারের ২৫ বছর পূর্তি উপলক্ষে নির্মিত হচ্ছে ‘প্রথম দেখার পর’। নাটকটিতে তানজিন তিশার সঙ্গে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ।

তিশা জানান, ‘প্রথম দেখার পর’ একটি সুন্দর ভালোবাসার গল্প। দীর্ঘদিন পর চয়নিকা চৌধুরীর সঙ্গে কাজ করে ভালো লেগেছে তার। আগের কাজগুলোর মতো এবারও দর্শকদের কাছ থেকে ভালোবাসা পাবেন বলে আশা করছেন তিনি।

নাটকের পাশাপাশি তানজিন তিশা ব্যস্ত রয়েছেন ‘সোলজার’ সিনেমা নিয়েও। গত বছর সিনেমাটির শুটিং শুরু হলেও এখনো একটি গান ও কয়েকটি দৃশ্যের কাজ বাকি রয়েছে। আগামী মাসে এসব কাজের শুটিং শুরু হতে পারে।

সাকিব ফাহাদ পরিচালিত সিনেমাটিতে একজন সাধারণ মানুষের দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াইয়ের গল্প তুলে ধরা হয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছরের শেষ দিকে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ‘সোলজার’।

সিনেমাটিতে তানজিন তিশার বিপরীতে অভিনয় করছেন ঢালিউডের শীর্ষ অভিনেতা শাকিব খান। এছাড়া এতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী, তারিক আনাম খান ও তৌকীর আহমেদসহ আরও অনেকে।

নাটক ও সিনেমা—দুই মাধ্যমেই কাজ চালিয়ে যাওয়ার মধ্য দিয়ে ফের ব্যস্ত হয়ে উঠছেন তানজিন তিশা। ফলে তাকে ঘিরে নাটক ছাড়ার যে গুঞ্জন তৈরি হয়েছিল, আপাতত তার অবসান হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com