শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
সিলেটে বাংলাদেশ রেড ক্রিসেন্টের মডেল ব্র্যাঞ্চের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং রেড ক্রিসেন্ট সোসাইটির শীর্ষ নেতৃত্ব ও আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ আগস্ট) দুপুর দেড়টায় সিলেট নগরীর ধোপা দিঘীরপাড়স্থ রেডক্রিসেন্টের নিজস্ব ভূমিতে রেড ক্রিসেন্টের মডেল ব্র্যাঞ্চের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
এর আগে বেলা ১২টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির শীর্ষ নেতৃত্ব এবং আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের প্রতিনিধিদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই সভার আয়োজন করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিট।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালাম। তিনি তার বক্তব্যে মানবিক সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল, সমন্বিত ও টেকসই করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি দুর্যোগ মোকাবিলা, স্বেচ্ছাসেবক উন্নয়ন এবং মানবিক সহায়তা কার্যক্রমে আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতার প্রশংসা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো. হাবিবুর রহমান খান, উপমহাসচিব মো. এহসান-ই-এলাহী এবং পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক সায়মা ফেরদৌসী। তারা নিজ নিজ বক্তব্যে সংগঠনের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং মানবিক সেবার মানোন্নয়নে গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।
সভায় আন্তর্জাতিক অংশীদার সংস্থার প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন (IFRC)-এর বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান Seval Guzelkilinc এবং International Committee of the Red Cross (ICRC)-এর বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান Nicolas Fleury।
এছাড়াও ব্রিটিশ রেড ক্রস ও সুইস রেড ক্রস-এর প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তারা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সঙ্গে চলমান অংশীদারিত্ব আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন এবং দুর্যোগ ব্যবস্থাপনা, মানবিক সহায়তা ও সক্ষমতা বৃদ্ধিমূলক কার্যক্রমে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় মানবিক সেবার পরিধি সম্প্রসারণ, দুর্যোগ প্রস্তুতি, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, স্বেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
অংশগ্রহণকারীরা মতবিনিময়ের মাধ্যমে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় করেন এবং ভবিষ্যতে আরও কার্যকর ও সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।












