• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আইন-আদালত

বিএনপি কার্যালয়ে হামলা ও মকবুল হত্যা হাজী সেলিমপুত্র ও মোস্তফা জালাল মহিউদ্দিন গ্রেপ্তার

প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ ১:৫৭
আপডেট: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ ১:৫৭

বিএনপি কার্যালয়ে হামলা ও মকবুল হত্যা হাজী সেলিমপুত্র ও মোস্তফা জালাল মহিউদ্দিন গ্রেপ্তার

বিএনপি কার্যালয়ে হামলা ও মকবুল হত্যা হাজী সেলিমপুত্র ও মোস্তফা জালাল মহিউদ্দিন গ্রেপ্তার

রাজধানীর পল্টন থানায় করা বিএনপি কর্মী মকবুল হোসেন হত্যা মামলা ও পল্টনের বিএনপির কার্যালয়ে হামলার অভিযোগে বিস্ফোরক আইনের মামলায় আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্য হাজী সেলিমপুত্র সোলায়মান সেলিম ও ড. মোস্তফা জালাল মহিউদ্দিনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তদন্ত কর্মকর্তার পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

এ সময় দুই আসামিকে কড়া পুলিশি নিরাপত্তায় আদালতে তোলা হয়। পরে তাদের পক্ষে আইনজীবী শ্রী প্রাণ নাথ জামিন আবেদন করলে রাষ্ট্র পক্ষের আইনজীবীরা তার বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে ৭ ডিসেম্বর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ ও তৎকালীন সরকারি দলের অনুসারীরা হামলা চালায়।

অভিযানের সময় সেখানে গুলি, ককটেল বিস্ফোরণ ও টিয়ারসেল নিক্ষেপ করা হয়। এতে মকবুল হোসেন নামের এক বিএনপি কর্মী গুলিবিদ্ধ হন। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় মাহফুজুর রহমান নামের এক ব্যক্তি বাদী হয়ে পল্টন থানায় হত্যা মামলাটি করেন।

তদন্ত কর্মকর্তার আবেদনে উল্লেখ করা হয়, আসামি সোলায়মান সেলিম (৩৫) ও ড. মোস্তফা জালাল মহিউদ্দিন (৭৬) সপদে দায়িত্বে থেকে রাজনৈতিকভাবে বিরোধী দল দমনে অর্থ সংস্থান ও নির্দেশনাসহ ঘটনার নেপথ্যে সক্রিয় ভূমিকা পালন করেছেন। উভয়েই বর্তমানে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন। আদালত শুনানি শেষে পল্টন থানার এ মামলায় তাদের দুজনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
আ/আ