শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী, পরিচ্ছন্ন পরিবেশ এবং বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাজধানী ঢাকার চারপাশের নদ-নদীর দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ ও ব্যবস্থাপনা, নদী সংরক্ষণ, নাব্যতা ফিরিয়ে আনা এবং বৃত্তাকার নৌপথের উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আয়োজিত এক পর্যালোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী বলেন, ‘নিজেদের পাশাপাশি পরবর্তী প্রজন্মের জন্যও দূষণমুক্ত নদী ও একটি বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার চেষ্টা করতে হবে। এ জন্য শুধু সরকারি নির্দেশনার জন্য অপেক্ষা করলে হবে না, ব্যক্তিগত দায়িত্ববোধ থেকেও কাজ করতে হবে।’
সভায় ঢাকার চারপাশের বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরী, বালু ও শীতলক্ষ্যা নদীর দূষণ পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। একই সঙ্গে এসব নদীর সঙ্গে সংযুক্ত খাল ও ড্রেনের দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ, নদ-নদীর নাব্যতা বজায় রাখা এবং পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার বিষয়গুলোও আলোচনায় আসে।
এ ছাড়া রাজধানী ঘিরে বিদ্যমান বৃত্তাকার নৌপথের উন্নয়নসংক্রান্ত কার্যক্রমের সার্বিক অগ্রগতিও পর্যালোচনা করা হয়।
সভায় এরই মধ্যে নেওয়া বিভিন্ন পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ ছাড়া প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং নৌবাহিনীর ঢাকা নৌ অঞ্চল কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আব্দুল্লাহ-আল-মাকসুসসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা সভায় অংশ নেন।
ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন। সূত্র: ইউএনবি











