বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত
মিস ওয়ার্ল্ড ২০২৬-এর মুকুট জিতেছেন ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা দোমিঙ্গেস। বিশ্বের ১১১ জন প্রতিযোগীকে পেছনে ফেলে এই মর্যাদাপূর্ণ খেতাব অর্জন করেছেন তিনি। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভিয়েতনামের নিয়া ট্রাং শহরে বসেছিল মিস ওয়ার্ল্ডের জমকালো আয়োজন। সেখানেই সেরার মুকুট পরেন ডোমিনিকান এই সুন্দরী।
জোহেইরি মোলা এর আগে ‘মিস ওয়ার্ল্ড ডোমিনিকান রিপাবলিক ২০২৫’ খেতাব অর্জন করেন। সেই প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার সুবাদেই মিস ওয়ার্ল্ডের বিশ্বমঞ্চে ডোমিনিকান রিপাবলিকের প্রতিনিধিত্ব করার সুযোগ পান।
জোহেইরির মাথায় নীল মুকুট পরিয়ে দেন গতবারের মিস ওয়ার্ল্ড, থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংস্রি। মিস ওয়ার্ল্ডের মুকুট জয়ের পর আন্তর্জাতিক পর্যায়ে সংস্থাটির বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমে যুক্ত থাকবেন জোহেইরি।
পাশাপাশি বিশ্বজুড়ে ‘বিউটি উইথ আ পারপাস’ প্রচারেও প্রতিনিধিত্ব করবেন তিনি।
প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন স্পেনের এলিজাবেথ রেইনেস। দ্বিতীয় রানার আপের মুকুট উঠেছে মালয়েশিয়ার তানুসিয়া চেট্টির মাথায়।
ফ্যাশন ও মডেলিং জগতে পরিচিত মুখ জোহেইরি একাধারে শিক্ষক, সাংবাদিক ও সমাজকর্মী।












