• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

নেত্রকোণায় ফ্যামিলি কার্ডের নামে টাকা আদায়ের অভিযোগে এনসিপি নেত্রী আটক

প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ ২:৩৩
আপডেট: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ ২:৩৩

নেত্রকোণায় ফ্যামিলি কার্ডের নামে টাকা আদায়ের অভিযোগে এনসিপি নেত্রী আটক

নেত্রকোণা প্রতিনিধি
ছবি সংগৃহীত
নেত্রকোণায় ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সাদিয়া আক্তার (২২) নামে এনসিপির এক নেত্রীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা শহরের কুড়পার এলাকা থেকে তাকে আটক করা হয়।

সাদিয়া এনসিপির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক এবং নেত্রকোণা সরকারি কলেজের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহরের কুড়পার এলাকায় ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে পাঁচটি পরিবারের কাছ থেকে ৩ হাজার টাকা করে আদায় করেন সাদিয়া। বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মনে সন্দেহ জাগলে তারা তাকে আটকে রেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার জানান, ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে। তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করা হচ্ছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে এনসিপির কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) প্রীতম সোহাগ মিডিয়াকর্মীদের বলেন, ‘অন্যায়কারী যেই হোক না কেন, তাকে শাস্তির আওতায় আসতে হবে। জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে অসদাচরণের কারণে আগেই তাকে কমিটি থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। এনসিপি কোনো ধরনের অন্যায় বা অপকর্মকে প্রশ্রয় দেয় না।’