• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আন্তর্জাতিক

বিস্ফোরণে কাঁপল ইরান

প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০৮
আপডেট: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০৮

বিস্ফোরণে কাঁপল ইরান

বিস্ফোরণে কাঁপল ইরান

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

ইরানের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোরে সাগরের দিক থেকে এসব শব্দ এসেছে বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম।

হরমোজগান প্রদেশের সিরিক, মিনাব ও কেশম দ্বীপে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, সিরিকের কয়েকটি এলাকায় ‘শত্রুপক্ষের নিক্ষেপ করা প্রজেক্টাইল’ আঘাত হেনেছে। তবে এতে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, সিরিক, মিনাব ও কেশম দ্বীপে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কর্মকর্তাদের ধারণা, শব্দগুলো সমুদ্রের দিক থেকেই এসেছে।

এর এক দিন আগেও হরমোজগান প্রদেশের দক্ষিণাঞ্চলীয় জাস্ক এলাকায় সমুদ্রের দিক থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছিল ফার্স নিউজ।

আইআরএনএ-ও বুধবার সন্ধ্যায় হরমুজ প্রণালি থেকে বিস্ফোরণের খবর দেয়। জাস্ক কাউন্টিতে থাকা তাদের প্রতিবেদকের বরাত দিয়ে সংস্থাটি জানায়, বিস্ফোরণের আগে জলপথে কয়েক দফা গুলির শব্দ শোনা যায়।

পরে কেশম দ্বীপে শোনা বিস্ফোরণটি সমুদ্র থেকে এসেছে, নাকি দ্বীপের ভেতরে ঘটেছে—তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানায় ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম।

সর্বশেষ ঘটনাগুলোয় সিরিক আবারও আলোচনায় এসেছে। এর আগে সেপ্টেম্বরের শুরুতে দক্ষিণ ইরানে মার্কিন সামরিক অভিযানের সময়ও এই এলাকা হামলার শিকার হয়েছিল।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) তখন জানিয়েছিল, মার্কিন বাহিনী ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর মধ্যে ছিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার, নৌসম্পদ, মাইন পাতা ও যোগাযোগ ব্যবস্থা।

ইরানি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ওই সময় সিরিক, বান্দার আব্বাস, আহভাজ ও আগাজরিতে বিস্ফোরণের ঘটনা ঘটে।

সর্বশেষ বিস্ফোরণগুলোতে কেউ হতাহত হয়েছে কি না বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা এখনো জানা যায়নি।

আ/আ