বিনোদন ডেস্ক
ছবি সংগৃহীত
পাকিস্তানের তারকা অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হচ্ছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছেন এই অভিনেত্রী। ছবিতে দেখা গেছে, সাদা রঙের ঢিলেঢালা গাউন পরা ছবিতে এক হাতে পেট ধরে রেখেছেন মাহিরা।
ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমরা পরিকল্পনা করি, এরপর আসে আল্লাহর পরিকল্পনা।’
পোস্টটি প্রকাশের পর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানিয়েছে তাকে। ২০২৩ সালের অক্টোবরে ব্যবসায়ী সেলিম করিমকে বিয়ে করেন মাহিরা খান। অন্তঃসত্ত্বা হওয়ার খবরের মাধ্যমে প্রায় তিন বছর পর তাদের সংসারে নতুন অতিথি আসার খবর জানালেন এই দম্পতি। সন্তানটি সেলিম করিম ও মাহিরার প্রথম সন্তান। তবে মাহিরার এটি দ্বিতীয় সন্তান।
প্রথম স্বামী আলী আসকারির সঙ্গে মাহিরার ১৭ বছর বয়সী ছেলে আজলান রয়েছে। মায়ের দ্বিতীয় বিয়ের সময়ও আজলানকে পাশে দেখা গিয়েছিল। বিয়ের অনুষ্ঠানে মায়ের হাত ধরে তাকে বিয়ের মঞ্চে নিয়ে যান আজলান। ছেলের এ উপস্থিতি তখন ভক্তদের নজর কেড়েছিল।
সম্প্রতি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৬-এ অংশ নিয়েছেন মাহিরা খান। উৎসবের কমিউনিটি ইমপ্যাক্ট কার্যক্রমের অংশ হিসেবে একটি আলোচনায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন এই তারকা অভিনেত্রী। সিনেমায় অবদানের জন্য সেখানে সম্মাননাও পেয়েছেন তিনি।
মাহিরা খান পাকিস্তানের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। টেলিভিশন নাটকের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন তিনি। তবে ‘হামসফর’ নাটকে অভিনয় করে পাকিস্তানে ব্যাপক জনপ্রিয়তা পান এই অভিনেত্রী। এরপর আরও কয়েকটি নাটকে অভিনয় করেন তিনি।
২০১৬ সালে বলিউড তারকা শাহরুখ খানের বিপরীতে ‘রইস’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। এরপর পাকিস্তানি চলচ্চিত্রেও নিয়মিত অভিনয় করেছেন তিনি।













