শীর্ষ খবর ডেস্ক
ছবি সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র-ছাত্রী সংসদের (ডাকসু) সংগ্রহশালায় মোহাম্মদ আলী জিন্নাহর ছবি টানানোর ঘটনাকে একাত্তরের যুদ্ধাপরাধীদের ‘প্রতিশোধস্পৃহা’ হিসেবে দেখছেন গণতান্ত্রিক যুক্তফ্রন্ট নেতারা। বাংলা ভাষার বিরোধিতাকারী জিন্নাহর ছবি টানিয়ে একাত্তরের যুদ্ধাপরাধীরা ‘প্রতিশোধস্পৃহার একটি সুচিন্তিত রাজনৈতিক বার্তা’ দিয়েছে বলে মন্তব্য করেছেন তারা। একইসঙ্গে ডাকসুতে ইসলামী ছাত্রসংঘের তৎকালীন নেতা আব্দুল মালেকের ছবি টাঙিয়ে ডাকসু নেতারা মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহিদ ও ২ লাখ বীর মুক্তিযোদ্ধা নারীদের প্রতি ‘চরম অবমাননা প্রদর্শন করেছে’ বলেও অভিযোগ করেছেন তারা।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর পুরানা পল্টনে সিপিবি কার্যালয়ে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সভায় এমন মন্তব্য আসে।
গণতান্ত্রিক যুক্তফ্রন্টের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতনের সভাপতিত্বে পরিচালনা পর্ষদের সভায় উপস্থিত ছিলেন সিপিবি সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাংলাদেশ জাসদ স্থায়ী কমিটির সদস্য ডা. মুশতাক হোসেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী, জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক রজত হুদা, বাসদের (মাহবুব) মহিউদ্দিন চৌধুরী লিটনসহ আরও অনেকে।
সভায় বাম নেতারা বলেন, ২০২৪ এর ৫ আগস্টের পর থেকে মহান মুক্তিযুদ্ধের যুদ্ধাপরাধী, উগ্র ধর্মান্ধ সাম্প্রদায়িক গোষ্ঠী জামাত-শিবির ও তাদের সহযোগীরা বাংলাদেশের ভাষা আন্দোলন, স্বাধীনতা, ইতিহাস ও ঐতিহ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। গণঅভ্যুত্থানের পর থেকে অন্তর্বর্তী সরকারের মদদে মব সৃষ্টি করে স্বাধীনতা যুদ্ধের স্মৃতিবিজড়িত বিভিন্ন স্মারক, স্থাপনা, ভাস্কর্য ধ্বংস করেছে।
গত দুই বছরে মুক্তিযুদ্ধের যত ভাস্কর্য ভাঙা হয়েছে সরকারের উদ্যোগে তা পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন যুক্তফ্রন্ট নেতারা। ডেঙ্গু মোকাবিলায় এইডিস মশার উৎপত্তিস্থল ধ্বংস এবং পরীক্ষা কেন্দ্রগুলোতে পর্যাপ্ত পরিমাণে ডেঙ্গু পরীক্ষার সরঞ্জাম সরবরাহের দাবি জানান। আগামী ২৪ সেপ্টেম্বর হাম-ডেঙ্গুতে মানুষের মৃত্যু ও প্রশমনে সরকারি ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করবে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। ২৯ সেপ্টেম্বর ব্যাংকিং খাতে দুর্নীতি, অর্থ পাচার, খেলাপীঋণ নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ ও গভর্নর বরাবর স্মারকলিপি পেশ করবেন জোট নেতারা। ১৪ অক্টোবর স্থানীয় সরকার নির্বাচনের বিভিন্ন ধারা বাতিলের দাবিতে নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ সমাবেশ করবেন বাম নেতারা।













