সুবিধাবঞ্চিতদের স্বাবলম্বী করতে বিত্তবানরা এগিয়ে এলে সামাজ ও রাষ্ট্রের চেহারা পরিবর্তন সম্ভব
বিশেষ প্রতিনিধি
ছবি সংগৃহীত
সংবাদদাতাঃ বিশিষ্ট আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ, যুক্তরাজ্যের নিউহ্যাম বারার টানা তিনবারের সাবেক ডেপুটি স্পিকার ও আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা ইক্বরা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান ব্যারিস্টার নাজির আহমদ বলেছেন, সুবিধাবঞ্চিতদের স্বাবলম্বী করার মাধ্যমে আমরা এই সমাজ ও রাষ্ট্র থেকে সহজেই দারিদ্রতা দূর করতে পারি। তিনি বলেন, সমাজের বিত্তবানরা মানবিক চেতনা লালন করে যদি সুবিধাবঞ্চিতদের স্বাবলম্বী করতে তাদের পাশে দাঁড়ান তাহলে এই সমাজ ও রাষ্ট্রের চেহারা বদলানো সম্ভব।
ব্যারিস্টার নাজির আহমদ ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার গাম্বিয়ার রাজধানী বানজুলে ইক্বরা ইন্টারন্যাশনালের অর্থায়নে সুবিধাবঞ্চিত পুরুষ ও নারীকে পূর্ন সেলাই মেশিন সেট (সিঙ্গার সেলাই মেশিন, স্ট্যান্ড, টেবিল, সিজার, সুতাসহ আবশ্যকীয় প্যাকেট) ও প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ারে বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। ব্যারিস্টার নাজির আরও বলেন, পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া একটি অপার সম্ভাবনাময় দেশ। এ দেশের মানুষগুলোর রয়েছে অফুরন্ত জীবনীশক্তি ও কর্মস্পৃহা। কিন্তু রাষ্ট্রীয় ও সামাজিক পর্যায়ে যথাযথ ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সম্পদের সুষম বন্টন না থাকায় সুবিধাবঞ্চিতরা অনেক ক্ষেত্রেই পিছিয়ে আছে। তিনি বলেন, শতকরা ৯৬ ভাগ মুসলমানের দেশ গাম্বিয়া। আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গাদের উপর চালানো গণহত্যার বিষয়ে মিয়ানমারের বিরুদ্ধে সাহসী পদক্ষেপ নিয়ে গাম্বিয়া বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। গাম্বিয়া অত্যন্ত সম্ভাবনাময় দেশ। তিনি বলেন, দারিদ্র বিমোচন, নারীদের সক্ষমতা বৃদ্ধি ও প্রতিবন্ধীদের সামাজিক এক্সেস বৃদ্ধিতে সবাইকে যার যার অবস্থান থেকে নিঃস্বার্থভাবে কাজ করে যেতে হবে।

গাম্বিয়ার রাজধানী বানজুলের ঐতিহাসিক আর্চ ২২’তে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইক্বরা ইন্টারন্যাশনাল গাম্বিয়ার টীম প্রধান গাম্বিয়ার পার্লামেন্ট সদস্য মৌদু লামি বি. বাহ এমপি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে বানজুল সিটি কাউন্সিলের ডেপুটি লর্ড মেয়র আব্দু আজিজ দাবাহ গায়ে, বানজুলের স্বনামধন্য নারী উদ্যোক্তা মিসেস নাইলা, সিটি কাউন্সিলের একাধিক কাউন্সিলরবৃন্দ। অনুষ্ঠানে বাচাইকৃত পরিবারের উপার্জন সক্ষম পুরুষ ও মহিলাদের স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিনের পূর্ন সেট বিতরন করা হয় এবং প্রতিবন্ধীদের হুইলচেয়ারে বিতরন করা হয়।

