শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঝটিকা মিছিল করার চেষ্টার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছয় কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোডের ৫ নম্বর ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ রুবেল আফ্রাদ জানান, ফৌজদারহাট লিংক রোডে ছাত্রলীগের একটি দল ঝটিকা মিছিল বের করার চেষ্টা করে। খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের ধাওয়া দেয়। এ সময় ছয়জনকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দলের অন্যরা পালিয়ে যায়।
পুলিশের তৎপরতার ফলে এ সময় তারা ঝটিকা মিছিল করতে পারেনি বলেও জানান তিনি।
আটকরা হলেন রাউজানের নোয়াপাড়া এলাকার জামশেদ (৩০) ও শাকিব (২৪), কচুখাইন এলাকার সাব্বির হোসেন (২৪), বায়েজিদের বালুছড়া এলাকার মামুনুর রহমান মারুফ (২২), হাটহাজারীর ফতেপুর এলাকার আরমান (২৪) এবং হাটহাজারীর চিকনদণ্ডী ইউনিয়নের নতুনপাড়া এলাকার আদনান হাবিব (২১)।
আটক ছয়জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করার প্রস্তুতি চলছে জানিয়ে রুবেল আফ্রাদ বলেন, জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠানো হবে।
আ/আ













