কিশোরগঞ্জ প্রতিনিধি
ছবি: সংগৃহীত
চিকিৎসক ও জনবল সংকটের পাশাপাশি আধুনিক চিকিৎসাসেবা আরও সম্প্রসারণে ক্যাথল্যাব, ডায়ালাইসিস মেশিন, এমআরআইসহ প্রয়োজনীয় আধুনিক সরঞ্জাম এবং নতুন কয়েকটি বিভাগ চালুর দাবি জানিয়েছে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। তবে হাসপাতালটিতে বর্তমানে থাকা জনবল, চিকিৎসা সরঞ্জাম ও অবকাঠামোগত সুবিধাও রোগীদের চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন স্থানীয়রা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত মিট দ্য প্রেসে হাসপাতালের বর্তমান অবস্থা, বিভিন্ন সমস্যা, চিকিৎসাসেবার চাহিদা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন কর্তৃপক্ষ।
মিট দ্য প্রেসে জানানো হয়, রোগীর চাপের তুলনায় হাসপাতালে চিকিৎসক ও অন্যান্য জনবল অপ্রতুল। চিকিৎসাসেবা আরও আধুনিক ও গতিশীল করতে হাসপাতাল অটোমেশনের পাশাপাশি হৃদরোগীদের জন্য ক্যাথল্যাব স্থাপনের প্রয়োজন রয়েছে।
এ ছাড়া বর্তমানে তিন শিফটে ডায়ালাইসিস কার্যক্রম পরিচালিত হলেও প্রায় ২০০ রোগী ডায়ালাইসিসের জন্য অপেক্ষমাণ রয়েছেন। ফলে ডায়ালাইসিস মেশিনের সংখ্যা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে এমআরআই, সি-আর্ম, এন্ডোস্কোপি, কলোনোস্কপি ও ল্যাপারোস্কোপিক মেশিনসহ বিভিন্ন আধুনিক চিকিৎসা সরঞ্জামের চাহিদার কথাও তুলে ধরা হয়।
চিকিৎসাসেবার পরিধি বাড়াতে বার্ন ইউনিট, ইউরোলজি, নিউরোসার্জারি ও ইমার্জেন্সি বিভাগ চালুর প্রয়োজনীয়তার কথাও জানানো হয়।
শুধু চিকিৎসা সরঞ্জাম ও নতুন বিভাগ নয়, হাসপাতালের অবকাঠামো ও নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নেও গুরুত্ব দেওয়া হয়েছে। এ জন্য ডেডিকেটেড বিদ্যুৎ লাইন, স্থায়ী পুলিশ ক্যাম্প, আনসার সদস্য বৃদ্ধি, হাসপাতাল ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ এবং হাসপাতালের সামনের সড়ক প্রশস্ত করার দাবি জানানো হয়।
বিদ্যমান সুবিধাতেও মিলছে সেবা
হাসপাতাল কর্তৃপক্ষের এসব চাহিদার পাশাপাশি স্থানীয়দের বক্তব্য, বর্তমানে হাসপাতালটিতে যে চিকিৎসক, জনবল, চিকিৎসা সরঞ্জাম ও অবকাঠামোগত সুবিধা রয়েছে, সেগুলো দিয়েই প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ চিকিৎসাসেবা নিচ্ছেন। বিশেষ করে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও বিশেষায়িত চিকিৎসার কিছু সুবিধা থাকায় জেলার মানুষের জন্য হাসপাতালটি গুরুত্বপূর্ণ ভরসার জায়গা হয়ে উঠেছে।
তাদের মতে, বিদ্যমান সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় জনবল ও আধুনিক সরঞ্জাম যুক্ত করা গেলে হাসপাতালটির চিকিৎসাসেবার পরিধি আরও বাড়বে। এতে কিশোরগঞ্জের পাশাপাশি আশপাশের জেলার রোগীদেরও উন্নত চিকিৎসার জন্য রাজধানী বা অন্য জেলায় যাওয়ার প্রবণতা কমতে পারে।
মিট দ্য প্রেসে সাংবাদিকরা হাসপাতালের বিভিন্ন সমস্যা, রোগীদের ভোগান্তি এবং এসব সমাধানে কর্তৃপক্ষের পরিকল্পনা নিয়ে প্রশ্ন করেন।
এ সময় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ইসলাম হাসপাতালের বিভিন্ন চাহিদা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
হাসপাতাল কর্তৃপক্ষের ভাষ্য, প্রয়োজনীয় চিকিৎসক, জনবল, আধুনিক সরঞ্জাম ও অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করা গেলে বিদ্যমান সেবার সক্ষমতা আরও বাড়ানো সম্ভব হবে। আর স্থানীয়দের প্রত্যাশা, বর্তমানে থাকা সুবিধাগুলো সচল ও কার্যকর রাখার পাশাপাশি নতুন সুবিধা যুক্ত করে হাসপাতালটিকে আরও পূর্ণাঙ্গ চিকিৎসাকেন্দ্রে পরিণত করা হবে।

