আন্তর্জাতিক ডেস্ক
ছবি : সংগৃহীত
স্কুলে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সীমিত করা এবং বোরকা-নিকাব পরা নিষিদ্ধ করার লক্ষ্যে শিগগিরই সরকারের কাছে একটি প্রস্তাব উপস্থাপন করবেন বলে জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। রোববার (২১ সেপ্টেম্বর) তিনি এ কথা জানান।
নিজের জাতীয়তাবাদী রক্ষণশীল দল ব্রাদার্স অব ইতালির তরুণ শাখার এক অনুষ্ঠানে মেলোনি বলেন, স্কুল ব্যবস্থায় খাপ খাওয়াতে ‘মারাত্মক সমস্যায়’ থাকা বিদেশি শিক্ষার্থীদের অভিভাবকদের ইতালীয় ভাষা শেখা বাধ্যতামূলক করার প্রস্তাবও থাকবে।
রোমে জোভেন্তু নাৎসিওনালে জাতীয় উৎসবে দর্শকদের করতালির মধ্যে মেলোনি বলেন, ইতালিতে এসে যারা নিজেদের ভবিষ্যৎ গড়তে চান, তাদের অবশ্যই ইতালীয় ভাষা শিখতে, দেশটির সংস্কৃতি বুঝতে এবং নিয়ম মেনে চলতে হবে। তার মতে, এটাই তাদের স্বাগত জানানোর যথাযথ পথ।
মেলোনি বিশেষভাবে বোরকা ও নিকাব নিষিদ্ধ করার কথা উল্লেখ করলেও মুসলিম নারীদের মাথায় পরা হিজাব নিয়ে কোনো মন্তব্য করেননি। সরকার প্রস্তাবটি অনুমোদন করলে তা আইনে পরিণত করতে ৬০ দিনের মধ্যে পার্লামেন্টের অনুমোদন নিতে হবে।
কট্টর ডানপন্থি রাজনৈতিক শিকড় থেকে উঠে আসা মেলোনি দীর্ঘদিন ধরেই অভিবাসন প্রশ্নে কঠোর অবস্থানে রয়েছেন। তবে প্রধানমন্ত্রী হওয়ার পর তার রাজনৈতিক অবস্থানে পরিবর্তন এসেছে। জাতীয়তাবাদী রাজনীতির এক ব্যতিক্রমী ব্যক্তিত্ব থেকে তিনি এখন ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠিত রাজনীতিকদের একজন।
আগামী বছরের সাধারণ নির্বাচনের আগে নিজের জনপ্রিয়তা বাড়াতেও আগ্রহী মেলোনি। এ লক্ষ্যেই তিনি একের পর এক নীতি গ্রহণ করছেন। এর মধ্যে ছোট ও মাঝারি আকারের গাড়ি ও স্কুটারের ওপর আরোপিত অপ্রিয় সম্পত্তি করে ছাড় দেওয়ার সিদ্ধান্তও রয়েছে।
চলতি মাসের শুরুতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় ধরে টিকে থাকা অবিচ্ছিন্ন সরকার হিসেবে রেকর্ড গড়ে মেলোনির রক্ষণশীল প্রশাসন।

