• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

গৃহায়ন ও গণপূর্ত কমিটির ১ম বৈঠক: ঢাকাকে মডেল সিটি বানানোর তাগিদ

প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ২:১৩
আপডেট: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ২:১৩

96666587441

গৃহায়ন ও গণপূর্ত কমিটির ১ম বৈঠক: ঢাকাকে মডেল সিটি বানানোর তাগিদ

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে ঢাকাকে মডেল সিটি হিসেবে গড়ে তোলা, পুরান ঢাকার পুনর্গঠন, রাজউকের প্ল্যান পাসে দীর্ঘসূত্রিতা নিরসন এবং ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা এমপির সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে মন্ত্রণালয়ের গত ১৮০ দিনের কার্যক্রমের অগ্রগতি এবং ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের খাতওয়ারি বিভাজন ও ব্যয় পরিকল্পনা উপস্থাপন করা হয়। এতে জানানো হয়, এ অর্থবছরে মন্ত্রণালয়ের অধীনে ৪৪টি প্রকল্প চলমান রয়েছে। এসব প্রকল্পে মোট বরাদ্দ ৩ হাজার ৫১৪ কোটি টাকা। এর মধ্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ছয়টি প্রকল্পে সর্বোচ্চ ১ হাজার ৩১৪ কোটি ৩৬ লাখ টাকা বরাদ্দ রয়েছে। এসময় শহরে খেলার মাঠ ও পার্কের সংকট নিয়েও আলোচনা হয়।

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের এমপি জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে এ বিষয়ে কাজ চলছে। পুরান ঢাকার পুনর্গঠন ও আধুনিকায়নের জন্য একটি পাইলট প্রকল্প নেওয়া হয়েছে বলেও জানানো হয়।

মন্ত্রী জানান, সরকারের অগ্রাধিকারমূলক কাজের অংশ হিসেবে সারা দেশে প্রায় সাড়ে তিন লাখ বর্গফুট ছাদে সৌর প্যানেল স্থাপনের কাজ চলছে। পরিত্যক্ত ও বিতর্কিত প্লটের জটিলতা নিরসনে যাচাই-বাছাই করে আইনগতভাবে সমাধান এবং ভূমি দখলকারীদের কাছ থেকে জাতীয় সম্পত্তি উদ্ধারের সুপারিশ করা হয়। ভূমি তথ্যভাণ্ডার বা ল্যান্ড ব্যাংক গড়ে তোলার পাশাপাশি অটোমেশন কার্যক্রম চলছে বলেও জানানো হয়।

এ ছাড়া ৪২টি জেলায় সরকারি ভবনের ভূমিকম্প সহনশীলতা নির্ণয়, রাজউকের প্ল্যান পাসে ওয়ান স্টপ সার্ভিস চালু এবং কক্সবাজারের মাস্টারপ্ল্যান উন্নয়নমুখী করার বিষয়ে আলোচনা হয়। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দুর্নীতির বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। বৈঠকে জাতীয় সংসদ ভবনের বিভিন্ন স্থানে বর্ষাকালে পানি পড়ার বিষয়টি তুলে ধরে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন কমিটির সভাপতি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com