• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

১৭ বছরের ধারা থেকে বেরিয়ে সরকারকে কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে: পানিসম্পদমন্ত্রী

প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ৫:০৪
আপডেট: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ৫:০৪

১৭ বছরের ধারা থেকে বেরিয়ে সরকারকে কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে: পানিসম্পদমন্ত্রী

শীর্ষ খবর ডেস্ক
ছবি সংগৃহীত

দীর্ঘ ১৭ বছরের ধারা থেকে বেরিয়ে এসে জনস্বার্থে সরকারকে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, এসব পদক্ষেপের সুফল স্থানীয় মানুষ দ্রুতই পাবে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরের সার্কিট হাউজে আয়োজিত ‘চট্টগ্রামে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ মতবিনিময় অনুষ্ঠান’ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

চট্টগ্রাম জেলা আইনশৃঙ্খলা সমন্বয় কমিটির বিশেষ সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা এবং বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন এবং অবৈধ অস্ত্র ও মাদক নির্মূলে সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘১৭ বছরের ধারা ইচ্ছা করলেই ১৭ দিনে অথবা ১৭ মাসে পুরোপুরিভাবে শেষ করে দেওয়া যাবে, এ কথা আমি বলব না। তবে আমাদের মহৎ উদ্দেশ্য রয়েছে। আমরা খুব দায়িত্বশীলতার সঙ্গেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সব পরিস্থিতি মোকাবিলা করছি। চট্টগ্রামের আইনশৃঙ্খলা উন্নয়নে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, স্থানীয় মানুষ দ্রুতই তার সুফল পাবেন।’

সভায় চুরি, ডাকাতি, ছিনতাই, অবৈধ অস্ত্র ও মাদক নির্মূলের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান পানিসম্পদমন্ত্রী।

তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির পেছনে যেসব কারণ রয়েছে, সেগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে পাহাড় কাটা ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

মাদক নির্মূলে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্ব দেন মন্ত্রী। তিনি বলেন, ‘প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করে পরিস্থিতি মোকাবিলা করবে।’

চট্টগ্রামকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ও অর্থনৈতিক অঞ্চল হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘নগর ও জেলার সাধারণ মানুষ যাতে স্বাভাবিকভাবে বসবাস ও জীবনযাপন করতে পারেন, সে জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।’

চট্টগ্রামের উন্নয়ন কর্মকাণ্ড সমন্বয়ের বিষয়ে তিনি বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এবং প্রধানমন্ত্রীর নির্দেশনায় চট্টগ্রামকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। যেখানে যা প্রয়োজন, তাৎক্ষণিকভাবে তা চিহ্নিত করে সমন্বয় ও সমাধানের ওপর বিশেষ নজর থাকবে।’

রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সম্পর্কে জানতে চাইলে পানিসম্পদমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ একটা নিষিদ্ধ রাজনৈতিক দল। তারা বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করে সমাজে একটা অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে।’

তিনি বলেন, ‘কোনোভাবেই যেন এই ধরনের অরাজকতা, নৈরাজ্য ও সন্ত্রাস না করতে পারে, একদিকে আমরা রাজনৈতিকভাবে তা মোকাবিলা করব, অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ ও সতর্ক থেকে প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেবে।’

সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষা সংক্রান্ত সমন্বয় কমিটির এটি দ্বিতীয় সভা।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে সভায় বিশেষ বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

সভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের সংসদ সদস্য এরশাদ উল্ল্যাহ, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, চট্টগ্রাম-৯ (চকবাজার-কোতোয়ালি-বাকলিয়া) আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আব্দুল কুদ্দুস চৌধুরী এবং সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীসহ সিভিল প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com