• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

একাত্তরের পরাজিত শক্তিরা ভারতের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ৭:১২
আপডেট: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ৭:১২

একাত্তরের পরাজিত শক্তিরা ভারতের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

নরসিংদী প্রতিনিধি
ছবি সংগৃহীত

একাত্তরের পরাজিত শক্তিরা ভারতের সঙ্গে হাত মিলিয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, ‘এদিকে ভারত থেকে হুংকার দেয়, তিনি (শেখ হাসিনা) ডিসেম্বরে দেশে ঢুকবেন। আর এখান থেকে উনারা বলেন, ডিসেম্বরে আমাদের পতন ঘটাবে। একাত্তরের পরাজিত রাজাকার ও ফ্যাসিস্ট আওয়ামী লীগ দোসররা-এই দুই পরাজিত শক্তি এখন একত্রিত হয়েছে।’

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নরসিংদীর মনোহরদীতে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মনোহরদী জোনাল অফিসের আওতায় কাটাবাড়িয়া অভিযোগ কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘ভারতের প্রভুত্ব মেনে বাংলার জনগণ কখনো বাংলাদেশে বসবাস করবে না। আমরা কারও প্রভুত্বে রাজি না। আমরা বন্ধুত্ব করতে চাই পারস্পরিক স্বার্থের বিনিময়ে।’

বিদ্যুৎ ও গ্যাস পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী সরকার কুইক রেন্টালের নামে লাখ লাখ ডলার বিদেশে পাচার করেছে। আমাদের আটটি গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্র বন্ধ রয়েছে। বঙ্গোপসাগরের বাঁয়ে মায়ানমার সমুদ্র থেকে গ্যাস উত্তোলন করে, ডানে ভারত গ্যাস উত্তোলন করে। আর এদিকে ভারতকে খুশি করার জন্য আমাদের দেশে একটি গ্যাসকূপও খনন করেনি তারা।’

তিনি বলেন, ‘আমরা এখন অধিক মূল্যে গ্যাস এনে এগুলো চালু করার চেষ্টা করছি। বিদেশি কোম্পানির মাধ্যমে সমুদ্রে কয়েকটি গ্যাসকূপ খনন করতে যাচ্ছি। ইনশাআল্লাহ, সেই কূপগুলো খনন করা হলে পর্যাপ্ত পরিমাণ গ্যাস পাব এবং আমরা বিদ্যুৎ উৎপাদন করব।’

ভারত সুষ্ঠুভাবে পানি বণ্টন না করলে চীনের সহযোগিতা নিয়ে তিস্তা ব্যারেজ নির্মাণ করে বর্ষা মৌসুমে পানি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

অনুষ্ঠানে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জিএম মোহাম্মদ আব্দুল কুদ্দুস সভাপতিত্ব করেন। এ সময় মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, মনোহরদী জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী ফযীলত রাব্বী মুমিমাহ, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা, কাঁচিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ ফারুক হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।