• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

ট্রাম্প-প্রধানমন্ত্রীর ছবির সেই পোস্ট সরালেন আসিফ মাহমুদ

প্রকাশ: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ ৬:০৭
আপডেট: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ ৬:০৭

ট্রাম্প-প্রধানমন্ত্রীর ছবির সেই পোস্ট সরালেন আসিফ মাহমুদ

শীর্ষ খবর ডেস্ক
ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের একটি ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া বিভ্রান্তির মধ্যে পোস্ট দিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক আসিফ মাহমুদ। পরে বিষয়টি পরিষ্কার হওয়ায় নিজের সেই পোস্টটি মুছে দিয়েছেন তিনি।

পরবর্তী এক পোস্টে আসিফ মাহমুদ জানান, একই ধরনের পোজের ছবি নিয়ে বিভ্রান্তির কারণেই তিনি কোন ছবিটি আসল, তা যাচাই করতে চেয়েছিলেন।

তিনি লেখেন, ‘একই রকম পোজ নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল, সেটার কারণে আমি নিশ্চিত হতে চেয়েছিলাম কোন ছবিটা আসল। এখন বিষয়টি পরিষ্কার হওয়ায়, আমি আমার আগের পোস্টটি মুছে দিয়েছি।’

এর আগে আসিফ মাহমুদ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের ছবিটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন। একই সঙ্গে তিনি কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তি ও তার স্ত্রীর আরেকটি ছবি প্রকাশ করেন।

ওই ছবিতে ঘরের মাঝখানে ডোনাল্ড ট্রাম্পকে মানুষের সমান আকৃতির একটি কার্ডবোর্ড কাটআউট হিসেবে দেখা যায়। ছবি দুটি শেয়ার করে আসিফ মাহমুদ ক্যাপশনে লেখেন, ‘এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক কনফিউশন চলছে। কেউ ভ্যারিফাই করতে পেরেছেন? ফ্যাক্ট চেকারদের কি অবস্থা?’

তবে পরবর্তীতে রোমানিয়ার একটি গণমাধ্যমের ফ্যাক্ট-চেক প্রতিবেদনে বলা হয়, কসোভোর প্রধানমন্ত্রী ও তার স্ত্রীর ছবিতে ট্রাম্পকে কার্ডবোর্ড কাটআউট হিসেবে দেখানো ছবিটি মূল ছবি নয়; এটি একটি মিম হিসেবে তৈরি করা হয়েছিল।

প্রতিবেদনটিতে বলা হয়, ইন্টারনেটে প্রচলিত একটি রসিকতা থেকে ছবিটি সম্পাদনা করা হয়। এতে ডোনাল্ড ট্রাম্পকে ঘরের মাঝখানে মানুষের সমান আকারের একটি কার্ডবোর্ড কাটআউট হিসেবে দেখানো হয়েছে। মূল ছবিতে কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তির পাশে ট্রাম্পকে বাস্তব অবস্থায় দেখা যায় বলে দাবি করা হয়েছে।

উল্লেখ্য, নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত নৈশভোজে অংশ নেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

শনিবার প্রধানমন্ত্রী তার ফেসবুক অ্যাকাউন্টে ওই সময়ের একটি ছবি প্রকাশ করেন। ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানকে উচ্ছ্বসিত অবস্থায় দেখা যায়।

ছবিটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন আলোচনা ও বিভ্রান্তি তৈরি হলে আসিফ মাহমুদ বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে পোস্ট দিয়েছিলেন। পরে বিষয়টি পরিষ্কার হওয়ায় তিনি সেই পোস্ট সরিয়ে নেওয়ার কথা জানান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com