• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

প্রীতম-শাহতাজের সংসারে বিচ্ছেদের ঘোষণা

প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ ৮:১৫
আপডেট: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ ৮:১৫

প্রীতম-শাহতাজের সংসারে বিচ্ছেদের ঘোষণা

 

বিনোদন ডেস্ক
সংগৃহীত ছবি
জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান ও মডেল-অভিনেত্রী শাহতাজ মনিরা হাশেমের দাম্পত্য জীবনের ইতি ঘটতে যাচ্ছে। রোববার রাত ১০টার দিকে নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে পৃথক বিবৃতি দিয়ে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন দুজনেই।

ফেসবুকে দেওয়া বিবৃতিতে প্রীতম হাসান জানান, পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে ১০ বছরের সম্পর্কের পর তাঁরা বৈবাহিক সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন। একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য শাহতাজের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তাঁদের মধ্যে পারস্পরিক সম্মান ও শুভকামনা ভবিষ্যতেও অটুট থাকবে।

বিচ্ছেদের কারণ ব্যাখ্যা করতে গিয়ে প্রীতম বলেন, সময়ের সঙ্গে তাঁরা বুঝতে পেরেছেন, পারস্পরিক বোঝাপড়ার কিছু গুরুত্বপূর্ণ জায়গায় পার্থক্য তৈরি হয়েছে। এ কারণে আলাদা পথে এগিয়ে যাওয়াই দুজনের জন্য ভালো হবে বলে তাঁরা মনে করেছেন।

এই সিদ্ধান্ত হঠাৎ নেওয়া হয়নি উল্লেখ করে প্রীতম বলেন, অনেক ভেবেচিন্তে এবং নিজেদের মধ্যে আলোচনা করেই তাঁরা এ সিদ্ধান্তে পৌঁছেছেন। এ ক্ষেত্রে পরিবারের সমর্থন ও সম্মতিও ছিল বলে জানান তিনি।

বিবৃতিতে আরও জানানো হয়, বর্তমানে তাঁদের বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চলছে। জীবনের পরবর্তী অধ্যায়ে দুজন আলাদাভাবে এগিয়ে যেতে চান। এই পরিবর্তনের সময় তাঁদের ব্যক্তিগত পরিসর, গোপনীয়তা ও অনুভূতির প্রতি সম্মান দেখাতে বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রীতম।

শাহতাজও একই বিষয়ে ইংরেজিতে একটি বিবৃতি তাঁর ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেছেন।

২০২২ সালের ২৮ অক্টোবর শাহতাজ মনিরা হাশেমকে বিয়ে করেন প্রীতম হাসান। এরও প্রায় পাঁচ বছর আগে প্রীতমের জনপ্রিয় গান ‘জাদুকর’-এর মিউজিক ভিডিওতে কাজ করার সময় তাঁদের সম্পর্কের শুরু হয়।

সম্পর্ক শুরুর প্রায় ১০ বছর পর এবং বিয়ের চার বছরের মাথায় এসে আনুষ্ঠানিকভাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত জানালেন এই তারকা জুটি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com