বিনোদন ডেস্ক
সংগৃহীত ছবি
রাখিবন্ধনের একটি বিজ্ঞাপনে বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন এর পোশাক নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। নেটিজেনদের একাংশের প্রশ্ন ছিল, কেন রাখিবন্ধনের অনুষ্ঠানে এত খোলামেলা পোশাক? সম্প্রতি ওই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন কৃতি।
অভিনেত্রী বলেন, ‘আমি বিশ্বাস করতে পারি না, আমার পরনের চোলি নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে আলোচনাসভা বসেছিল।’ কৃতির বক্তব্যে সম্মতি জানান কারিনাও।
সম্প্রতি কারিনা কাপুর খানের সঙ্গে কথোপকথনে রাখিবন্ধনের সেই বিজ্ঞাপনের প্রসঙ্গ ওঠে। পোশাকের একটি অংশ কিভাবে এত বড় আলোচনার বিষয় হয়ে উঠেছিল, তা এখনো বিশ্বাস করতে পারেন না কৃতি।
প্রসঙ্গত, বিতর্কের সূত্রপাত হয়েছিল একটি গহনা সংস্থার রাখিবন্ধনের বিজ্ঞাপনকে ঘিরে। এতে কৃতিকে তার ভাইকে রাখি পরাতে দেখা যায়। পাশাপাশি নিজের পোষ্য কুকুরকেও রাখি পরিয়েছিলেন অভিনেত্রী। বিষয়টি নিয়ে জলঘোলা হয়েছিল বিস্তর। যদিও শেষ পর্যন্ত সেই বিজ্ঞাপনটিই সরিয়ে দেওয়া হয়।
বিজ্ঞাপনটি প্রকাশ্যে আসার পর সমাজমাধ্যমে কৃতির পোশাক নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। তাদের দাবি ছিল, রাখিবন্ধনের মতো ঐতিহ্যবাহী উৎসবের বিজ্ঞাপনে কৃতির পোশাক যথাযথ নয়। তবে সমালোচনার জবাব দিতে পিছপা হননি কৃতি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি প্রশ্ন তুলেছিলেন, এখনও কেন একজন নারীর কী পোশাক পরা উচিত, তা নিয়ে এত আলোচনা হয়। তার বক্তব্য ছিল, সময়ের সঙ্গে ভারতীয় পোশাকের ধরন ও উপস্থাপনায় পরিবর্তন এসেছে। তাই কারও পোশাক দেখে তার সংস্কৃতি বিচার করা উচিত নয়।
কৃতি আরো জানিয়েছিলেন, সংস্কৃতি ও ঐতিহ্য শুধু পোশাকে প্রকাশ পায় না, বরং তা মানুষের চিন্তা ও মানসিকতার মধ্যেও থাকে।
এরপরও নারীর পোশাক, সমাজের দৃষ্টিভঙ্গি ও পুরুষতান্ত্রিক মানসিকতা নিয়ে একাধিক পোস্ট করেছিলেন কৃতি। যদিও সেসব পোস্টে সরাসরি রাখিবন্ধনের ওই বিজ্ঞাপনের প্রসঙ্গ উল্লেখ করেননি অভিনেত্রী।













