বিনোদন ডেস্ক
সংগৃহীত ছবি
বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত গতকাল বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টে মামলা করেছেন। প্রযুক্তির সাহায্যে তৈরি তার সম্পর্কে ছড়িয়ে পড়া একাধিক বিভ্রান্তিকর ও আপত্তিকর বিষয়বস্তু সরানোর দাবিতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিনেত্রী তথা এ সংসদ সদস্য।
অভিনেত্রীর অভিযোগ, এই ধরনের ভিডিও বা ছবির মাধ্যমে তাকে হেয় ও তার মানহানি করা হচ্ছে। তার ব্যক্তিসত্তার অধিকার লঙ্ঘিত হচ্ছে। শুনানিতে তার আইনজীবী অভিনেত্রীকে নিয়ে ছড়িয়ে পড়া যৌন হেনস্তাকারী ভিডিও বা পোস্ট, ভুয়া খবর এবং এআইয়ের মাধ্যমে তৈরি এমন কিছু কনটেন্ট নিয়ে আপত্তি জানান, যেখানে কঙ্গনার নামে ভুয়া মন্তব্যের প্রচারও করা হচ্ছে।
ব্যক্তিসত্তার অধিকার রক্ষায় আদালতের দ্বারস্থ কঙ্গনাই প্রথম হয়েছেন, এমন নয়। গত কয়েক মাসে বেশ কয়েকজন অভিনেতা, তাদের ব্যক্তিসত্তা রক্ষা এবং এআই দিয়ে তৈরি কনটেন্ট সরানোর দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। এই তালিকায় রয়েছেন ঐশ্বরিয়া রায় বচ্চন, অভিষেক বচ্চন, সালমান খান এবং অভিনেতা তথা অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ।
কাজের ক্ষেত্রে কঙ্গনাকে শেষ দেখা গেছে ‘ভারত ভাগ্য বিধাতা’ ছবিতে। জুন মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিটি সমালোচকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছিল।













