• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

এনসিটি বিদেশি কোম্পানির হাতে দেওয়ার সিদ্ধান্ত আত্মঘাতী: সাইফুল হক

প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬ ১:১৭
আপডেট: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬ ১:১৭

এনসিটি বিদেশি কোম্পানির হাতে দেওয়ার সিদ্ধান্ত আত্মঘাতী: সাইফুল হক

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ১৫ বছরের জন্য সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের হাতে ইজারা দেওয়ার সরকারি উদ্যোগের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

বৃহস্পতিবার এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের আয়োজনের প্রেক্ষাপটে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, দেশের প্রধান সমুদ্রবন্দর ও জাতীয় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট কৌশলগত সম্পদ বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া অস্বচ্ছ এবং জনস্বার্থবিরোধী।

সাইফুল হক বলেন, বন্দর রক্ষা কমিটিসহ বিভিন্ন শ্রমিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের আপত্তি এবং জনগণের মতামত উপেক্ষা করে একতরফাভাবে চুক্তি চূড়ান্ত করা হয়েছে। জাতীয় স্বার্থ ও জনমত উপেক্ষা করে তাড়াহুড়ো করে করা এ চুক্তি দেশের ইতিহাসে ‘কালো চুক্তি’ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

তিনি বলেন, চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় ও লাভজনক টার্মিনালগুলোর একটি এনসিটি। এ টার্মিনাল থেকে রাষ্ট্র বিপুল পরিমাণ রাজস্ব আয় করে এবং দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এমন একটি কৌশলগত স্থাপনা বিদেশি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে ছেড়ে দেওয়া দেশের সার্বভৌমত্ব ও অর্থনৈতিক নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে।

চুক্তি স্বাক্ষরের আগে এর শর্তাবলি, আর্থিক লেনদেন এবং শ্রমিকদের অধিকার ও নিরাপত্তার বিষয়গুলো জনগণের সামনে স্পষ্ট করা হয়নি বলেও অভিযোগ করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই নেতা। তার দাবি, এটি গণতান্ত্রিক নীতিমালারও লঙ্ঘন।

সাইফুল হক অবিলম্বে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি পরিচালনা-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া বন্ধ করার দাবি জানান।

একই সঙ্গে বন্দর রক্ষা কমিটির দাবির প্রতি সংহতি জানিয়ে তিনি বলেন, বন্দরের ভবিষ্যৎ নির্ধারণে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, শ্রমিক ও অংশীজনদের মতামত নিতে হবে। জাতীয় স্বার্থ সুরক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নিতে হবে।

তিনি আরও বলেন, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় টার্মিনাল পরিচালনা আরও উন্নত, গতিশীল ও লাভজনক করার সুযোগ রয়েছে। সেই উদ্যোগ না নিয়ে বিদেশি কোম্পানিকে বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া একটি বিপজ্জনক প্রবণতা। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এনসিটি বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার উদ্যোগ অবিলম্বে বন্ধ করার দাবি জানান সাইফুল হক।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com