এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
ছবি : প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লার আলোচিত ‘কোবরা গ্রুপের প্রধান হিসেবে পরিচিত সোহেল খন্দকারকে বিদেশি অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করেছে এসআরবি-১১ গ্রেফতার করেছে। তাঁর বিরুদ্ধে ১৫টির বেশি ফৌজদারি মামলা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি রিভলবার, পাঁচ রাউন্ড গুলি, ১০ গ্রাম হেরোইন ও একটি পকেট রাউটার উদ্ধার করা হয়।
সোমবার (১২ অক্টোবর) বিকালে এসআরবি-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে নারায়ণগঞ্জ সদর থানার মিশনপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সোহেল খন্দকারকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১১ জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, সোহেল খন্দকার দীর্ঘদিন ধরে ফতুল্লার কাঠেরপুল, শিবু মার্কেট, নামাপাড়া ও আশপাশের এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, জমি দখল, অবৈধ অস্ত্র ও মাদক কারবারসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
এসআরবি-১১ আরো জানায়, সোহেল খন্দকারের নেতৃত্বে একটি সন্ত্রাসী বাহিনী গড়ে ওঠে। ওই বাহিনীর সদস্যরা এলাকায় আধিপত্য বিস্তার, ভয়ভীতি প্রদর্শন ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া স্থানীয় ব্যবসায়ী ও গার্মেন্টস মালিকদের জিম্মি করে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
এসআরবি-১১-এর দাবি, সোহেল খন্দকারের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত সহিংসতা, হত্যাচেষ্টা, অস্ত্র ও মাদকসংক্রান্ত অপরাধসহ ১৫টির বেশি ফৌজদারি মামলা রয়েছে। এর আগেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হলেও জামিনে মুক্ত হয়ে পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এসআরবি-১১ জানিয়েছে, গ্রেপ্তার সোহেল খন্দকারের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে নারায়ণগঞ্জ সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সন্ত্রাস, মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।













