শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
ঠাকুরগাঁওয়ে আসন্ন উপ-নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে না বলে স্পষ্ট করে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তবে সাধারণ নির্বাচনের চেয়ে প্রায় তিন গুণ অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে।
বুধবার (১৪ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিমসহ সংশ্লিষ্টদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ঠাকুরগাঁওয়ের নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে নির্বাচন কমিশনার বলেন, ‘এখন পর্যন্ত এখানে ভোটের পরিবেশ বেশ চমৎকার রয়েছে। আশা করছি, ২৯ অক্টোবরের উপ-নির্বাচন অত্যন্ত সুন্দর ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হবে।’
সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে গুঞ্জন উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘এই উপ-নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই, আপনারা ধরে নিতে পারেন সেনা মোতায়েন হচ্ছে না। কারণ, এখানে বর্তমানে যে পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, তা সাধারণ জাতীয় নির্বাচনের তুলনায় প্রায় তিন গুণ। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার মতো কোনো সুযোগ তৈরি হবে না।’
ভোটের স্বচ্ছতা রক্ষায় প্রযুক্তির ব্যবহারের ওপর জোর দিয়ে ইসি সানাউল্লাহ জানান, প্রতিটি ভোটকেন্দ্রেই সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে এবং কেন্দ্রগুলোর ভিডিও ফুটেজ সংরক্ষণ করা হবে। কেউ যেন অসৎ উদ্দেশ্যে কোনো অনিয়ম করার সুযোগ না পায়, তা কঠোরভাবে নিশ্চিত করা হবে। পাশাপাশি যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই তা প্রতিহত করার পূর্ণ প্রস্তুতি রয়েছে।
এ অঞ্চলের মানুষের সরলতার সুযোগ নিয়ে কোনো বৈরিতা তৈরির অপচেষ্টা হতে পারে উল্লেখ করে তিনি সতর্ক করে বলেন, ‘এই এলাকার মানুষ অত্যন্ত সহজ-সরল। তবে তাদের এই সহজ-সরলতার সুযোগ নিয়ে বা বাইর থেকে কেউ যেন নির্বাচনকে কলঙ্কিত করতে না পারে, সে বিষয়ে আমাদের নজর রাখতে হবে। যেকোনো ধরনের অপতৎপরতা রোধে সবাইকে সম্মিলিতভাবে সচেতন থাকতে হবে।’












