• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

বিএনপির পূজা পর্যবেক্ষণ কমিটিতে রদবদল, মাঠে থাকবেন দলের শীর্ষ নেতারা

প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ ৪:১৩
আপডেট: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ ৪:১৩

বিএনপির পূজা পর্যবেক্ষণ কমিটিতে রদবদল, মাঠে থাকবেন দলের শীর্ষ নেতারা

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটিতে সংশোধন আনা হয়েছে। নতুন সংশোধনী অনুযায়ী, কমিটির সদস্য মিল্টন বৈদ্যর পরিবর্তে দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য দেবাশীষ রায় মধুকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

কমিটির আহ্বায়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন এমপির সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। পরিচালনা করেন কমিটির সদস্য সচিব ও দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

সভায় দেশব্যাপী উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করা হয়। একই সঙ্গে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপনে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সর্বাত্মক সহযোগিতা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় শীর্ষ নেতারা বলেন, বিএনপি ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ নীতিতে দৃঢ়ভাবে বিশ্বাসী। ধর্মীয় স্বাধীনতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা দলের রাজনৈতিক অঙ্গীকার। ঈদ, দুর্গাপূজা, বড়দিন, বুদ্ধপূর্ণিমাসহ সব ধর্মীয় উৎসব বাংলাদেশের জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। এসব উৎসবের মর্যাদা রক্ষা এবং সব ধর্মের মানুষের নির্বিঘ্নে ধর্ম পালনের পরিবেশ নিশ্চিত করা সবার নৈতিক দায়িত্ব।

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ইতিমধ্যে দেশের সব জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের কমিটিকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদকেরা নিজ নিজ বিভাগে এসব কার্যক্রম সমন্বয় করছেন।

সার্বিক শৃঙ্খলা রক্ষায় সভায় স্থানীয় কমিটিগুলোকে পূজা পর্যবেক্ষণ কমিটি গঠন এবং তাতে জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়।

প্রতিটি পূজামণ্ডপে সরকারি সহায়তা হিসেবে ৫০০ কেজির বদলে ৬০০ কেজি চাল বরাদ্দ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অনুদান চার কোটি টাকা থেকে বাড়িয়ে পাঁচ কোটি টাকা নির্ধারণ এবং পূজার ছুটি এক দিন বাড়ানোসহ সরকারের সিদ্ধান্তগুলোকে সভায় স্বাগত ও সন্তোষ প্রকাশ করা হয়।

পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ও পরিবেশ বজায় রাখতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সমন্বয়ে মণ্ডপকেন্দ্রিক ‘স্বেচ্ছাসেবক টিম’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএনপির পক্ষ থেকে পর্যায়ক্রমে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের পূজামণ্ডপ পরিদর্শন এবং পূজা উদযাপন কমিটিগুলোর সঙ্গে সমন্বয় করে সহযোগিতা কার্যক্রম পরিচালনা করা হবে।

সভা শেষে কমিটির আহ্বায়ক খায়রুল কবির খোকন এমপি এবং সদস্য সচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজধানীর গোপীবাগে রামকৃষ্ণ মিশন পরিদর্শন করেন।

প্রতিনিধি দলটিকে স্বাগত জানান রামকৃষ্ণ মিশনের মহারাজ অম্বেষানন্দ মহারাজ। সেখানে দলের জ্যেষ্ঠ নেতারা পূজার সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করেন এবং আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন।

আজকের এই সভার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান বিএনপি সরকারের আমলের প্রথম দুর্গাপূজা সার্বিক উৎসবে রূপ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

সভায় অন্যান্যের মধ্যে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সম্পাদক অপর্ণা রায় দাস, সহ-ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু ও জন গোমেজ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী এমপি, রমেশ দত্ত, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক পার্থ দেব মণ্ডল, ছাত্রদলের সাবেক সহসভাপতি জয়দেব রায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহসসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com