শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আগামী ২০ অক্টোবর চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরের বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম।
সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম নগরের রহমতগঞ্জের জে এম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।
পূজামণ্ডপ পরিদর্শন শেষে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউসে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন তিনি। রাত ৮টা ৩০ মিনিটে বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে তাঁর।
চট্টগ্রাম সফরের আগে প্রধানমন্ত্রী রংপুর ও রাজশাহী সফর করবেন। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, সকালে রংপুরের রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। এরপর দুপুরে রাজশাহী ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন। পরে বিকেলে রাজশাহীতে একটি জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।
দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর এসব সফরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কর্মসূচি রাখা হয়েছে।












