• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

৪ বছর টিভি থেকে দূরে থাকার কারণ জানালেন রশমি দেশাই

প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ৩:৩৫
আপডেট: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ৩:৩৫

 

বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত
দীর্ঘদিন টেলিভিশন থেকে দূরে থাকার পর আবারও ছোট পর্দায় ফিরেছেন অভিনেত্রী রশমি দেশাই। স্টার প্লাসের ‘সায়োনি’ ধারাবাহিকের মাধ্যমে তার এই প্রত্যাবর্তন ঘটেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে দীর্ঘ বিরতির কারণ, নিজের দক্ষতা ঝালাই করা এবং ক্যারিয়ার নিয়ে নানা কটূক্তির অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন তিনি।

বিনোদনভিত্তিক মাধ্যম ‘স্ক্রিন’-কে দেওয়া সাক্ষাৎকারে রশমি জানান, তিনি প্রায় তিন থেকে চার বছর নিয়মিত কাজ থেকে দূরে ছিলেন। এই সময়ে একটি গুজরাটি সিনেমা এবং জি৫-এর ‘হিসাব বরাবর’ ছবিতে কাজ করলেও খুব বেশি ব্যস্ত হতে চাননি।

রশমি বলেন, মাঝে তিন-চার বছর কাজ বন্ধ রেখেছিলাম। গুজরাটি একটি সিনেমা করেছি, জি৫-এর ‘হিসাব বরাবর’ ছবিতেও কাজ করেছি। টেলিভিশনের কিছু প্রস্তাব পেয়েছিলাম, কিন্তু সেগুলোর সঙ্গে নিজেকে মেলাতে পারিনি। হয়তো তখন আমি প্রস্তুতও ছিলাম না।

 

বিরতির সময়টিতে নিজের অভিনয় দক্ষতা বাড়ানোর দিকে মনোযোগ দেন রশমি। পুরোনো শেখা বিষয়গুলো নতুনভাবে মূল্যায়নের জন্য তিনি বিভিন্ন ওয়ার্কশপে অংশ নেন এবং নিজের ওপর কাজ করেন।

 

দীর্ঘ সময়ের ধারাবাহিকে অভিনয়ের অভিজ্ঞতাকে শিক্ষণীয় হিসেবে উল্লেখ করে রশমি সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক মন্তব্য ও ট্রলিং নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। তিনি জানান, গত সাড়ে তিন মাস ধরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্য পড়া বন্ধ রেখেছেন। তার মতে, অনেক সময় অর্থের বিনিময়ে পরিকল্পিতভাবে ট্রলিং করা হয়।

অনলাইন হয়রানি ও কটূক্তির একটি সীমা থাকা উচিত উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের বিষাক্ত আচরণ মানুষের মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলে। এমনকি অনলাইন ট্রলিংয়ের কারণে অনেকে আত্মহত্যার মতো পথও বেছে নেন।

নারী হওয়ায় তাকে নানা সময় অবমূল্যায়নের শিকার হতে হয়েছে জানিয়ে রশমি বলেন, পর্দায় নারীদের কেবল সৌন্দর্য বা গ্ল্যামার প্রদর্শনের অনুষঙ্গ হিসেবে দেখার প্রবণতা থেকে বের হয়ে আসা উচিত। নারীদের কাজ ও অভিনয় দক্ষতাকে মূল্যায়ন করা প্রয়োজন বলেও তিনি মনে করেন।

ক্যারিয়ার নিয়ে তিনি জানান, অভিনেত্রী হিসেবে তার আরও অনেক কিছু দেওয়ার বাকি আছে, তবে নিজের প্রতিভা প্রদর্শনের জন্য উপযুক্ত সুযোগ বা মঞ্চ তিনি পাননি।

অনেকে তাকে শুধু ‘টেলিভিশন অভিনেত্রী’ হিসেবে গণ্ডিবদ্ধ করলেও রশমির মতে, টিভি মাধ্যমকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। কারণ এই মাধ্যমের ব্যাপক দর্শকসংখ্যা ও মানুষের কাছে পৌঁছানোর শক্তি অন্য যে কোনো মাধ্যমের চেয়ে অনেক বেশি।

ক্যারিয়ার নিয়ে কটূ অভিজ্ঞতার কথা তুলে ধরে রশমি বলেন, ‌অনেকেই আমাকে বলেছেন, আমার মুখ টেলিভিশনে অতিরিক্ত দেখা হয়ে গেছে। এমন কথাও শুনতে হয়েছে, আমার ক্যারিয়ার শেষ।

সূত্র: হিন্দুস্তান টাইমস

 

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম