শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
‘রেইনবো নেশন’ বা বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নের বার্তা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে চট্টগ্রামের ঐতিহ্যবাহী জেএম সেন হলে শারদীয় দুর্গাপূজার পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
পরিদর্শন শেষে ৫০০ সনাতনী নারীর হাতে পূজার উপহারসামগ্রী তুলে দেন মেয়র। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান।
মেয়র শাহাদাত হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একটি বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছেন, যেখানে ধর্ম, বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে সব মানুষ সমান মর্যাদা ও অধিকার নিয়ে বসবাস করবেন। রেইনবো নেশনের ধারণা বাস্তবায়নের মধ্য দিয়ে সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্য সামনে রেখেই প্রধানমন্ত্রী চট্টগ্রামে আসছেন।’
নগরে দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে নেওয়া বিভিন্ন কার্যক্রম তুলে ধরে মেয়র বলেন, ‘নগরে পূজা উদযাপন সুন্দরভাবে শুরু হয়েছে এবং সুষ্ঠুভাবে চলছে। পূজামণ্ডপে শান্তিশৃঙ্খলা বজায় রাখা, দর্শনার্থীদের নির্বিঘ্ন যাতায়াত এবং জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব সিদ্ধান্তের আলোকে সিটি করপোরেশনের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা কাজ করছেন।’
তিনি বলেন, ‘নগরের আন্দরকিল্লা, দেওয়ান বাজারসহ বিভিন্ন এলাকার পূজামণ্ডপের শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এবং ম্যাজিস্ট্রেটরা মাঠে আছেন। পাশাপাশি পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় শৃঙ্খলা বজায় রাখা, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং দর্শনার্থীদের চলাচলে প্রতিবন্ধকতা দূর করতে পরিচ্ছন্নতা বিভাগ কাজ করছে।’
মেয়র জানান, চট্টগ্রাম মহানগরীর ১৬টি থানার ২৯৪টি পূজামণ্ডপে মোট ১৪ লাখ ৭০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। এ ছাড়া জেএম সেন হল পূজামণ্ডপে পাঁচ লাখ টাকা এবং চট্টগ্রাম সিটি করপোরেশন পূজা উদযাপন পরিষদের জামালখান এলাকার কুসুমকুমারী পূজামণ্ডপে ১৫ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।
এ ছাড়া সিটি করপোরেশনের চারটি সেবক কলোনিতে বসবাসরত হরিজন সম্প্রদায়ের জন্য প্রতিটি কলোনিতে ৫০ হাজার টাকা করে মোট দুই লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। সব মিলিয়ে দুর্গাপূজা উপলক্ষে মোট ৩৬ লাখ ৭০ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে বলে জানান তিনি।
পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথ, মহানগর বিএনপির সদস্য আনোয়ার হোসেন লিপু, চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, গিয়াস উদ্দিন ভূইয়া, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রাজীব ধর তমাল, মহানগর পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক বিপ্লব সেন, কল্যাণ ফ্রন্টের যুগ্ম সম্পাদক বাবু দত্ত, কারা পরিদর্শক উজ্জ্বল বরণ বিশ্বাস, মহানগর পূজা উদযাপন পরিষদের সাবেক সহসভাপতি সৌরভ প্রিয় পাল এবং প্রশান্ত কুমার পান্ডে প্রমুখ।












