মার্কিন ধনকুবের ইলন মাস্ক। একাধারে স্পেসএক্স, টেসলা, সামাজিক মাধ্যম এক্স, নিউরোলিংক সহ একাধিক বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রির মালিক তিনি। ইলেকট্রিক গাড়ি নির্মাণের কোম্পানি টেসলা তার বৃহৎ ২ প্রতিষ্ঠানের একটি। আরেক প্রতিষ্ঠান হলো মহাকাশ অভিযান, স্যাটেলাইট সেবা ও স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক এর কোম্পানি স্পেসএক্স। এই দুই প্রতিষ্ঠান আলাদা ভাবে কাজ করে। তবে এবার কি প্রতিষ্ঠান দুটি একীভূত হবে? এই জল্পনায় হাওয়া দিয়েছে ইলন মাস্ক নিজেই। মঙ্গলবার তিনি জানান, তার দুই কোম্পানি স্পেসএক্স ও টেসলাকে একীভূত করা একটি ‘ভালো ধারণা’ হতে পারে। এই একীভূতকরণের বিষয়ে আলোচনার জন্য তারা বিশেষ কমিটি গঠন করেছেন। তার এই মন্তব্যের পর স্পেসএক্স-এর শেয়ারের দাম ৮ শতাংশ বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করেছে।
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারের কারণে ডেটা সেন্টারের চাহিদা বাড়ছে। এর ফলে ২০২৭ সালের শেষ নাগাদ কোম্পানির বার্ষিক আয় ৬১ লাখ ৭৩ হাজার কোটি টাকা (৫০ হাজার কোটি ডলার) থেকে ১ কোটি ২৩ লাখ ৪৬ হাজার কোটি টাকার (১ লাখ কোটি ডলার) মধ্যে পৌঁছাবে বলে মাস্ক আশা করছেন। পাবলিক কোম্পানি হিসেবে প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো মুনাফার মুখ দেখেছে।
মাস্ক এর আগেও স্পেসএক্স ও টেসলার মধ্যে ক্রমবর্ধমান মিলের কথা উল্লেখ করে কোম্পানি দুটিকে একীভূত করার ধারণা দিয়ে শেয়ারহোল্ডারদের আকৃষ্ট করেছিলেন। সম্প্রতি স্পেসএক্স কর্তৃক বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি কিনে নেয়ার জল্পনা আরও জোরালো হয়েছে। বার্কলেস গত সপ্তাহে ইঙ্গিত দিয়েছে যে ডিসেম্বরে টেসলার বার্ষিক সভার আগেই এই চুক্তির ঘোষণা আসতে পারে।
কোম্পানি দুটির আনুষ্ঠানিকভাবে আলোচনার বিষয়টি নিশ্চিত করে মাস্ক বলেন, এটি একটি ভালো ধারণা, তবে বিষয়টি নির্ভর করছে দুই কোম্পানির বিশেষ কমিটির ওপর। তিনি নিজে এই চুক্তির একটি পক্ষ হওয়ায় স্বাধীন পরিচালকদের নিয়ে গঠিত বিশেষ কমিটির আলোচনায় থাকতে পারছেন না। শেয়ারহোল্ডারদের অনুরোধেই এই কমিটিগুলো গঠন করা হয়েছে এবং শেষ পর্যন্ত তাদেরকেই চুক্তির অনুমোদন দিতে হবে।
মাস্ক জানান, দুই কোম্পানি একীভূত করার যথেষ্ট যৌক্তিকতা রয়েছে। বিশেষ করে সুপারইন্টেলিজেন্স সফটওয়্যার, চিপ ডিজাইন, টেরাফ্যাব, রোবোটিকস এবং স্টারমাইন্ড কনস্টেলেশনের মতো ক্ষেত্রগুলোতে একসঙ্গে কাজ করলে অনেক সুবিধা পাওয়া যাবে। কোম্পানি দুটির চিপ তৈরির যৌথ উদ্যোগ টেরাফ্যাব আগামী বছরের মে বা জুনের দিকে তাদের প্রথম টেস্ট চিপ তৈরি করবে এবং ২০২৮ সালের তৃতীয় প্রান্তিকের মধ্যে ব্যাপক উৎপাদনে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
তবে স্পেসএক্স-টেসলার একীভূত হওয়ার বিষয়টি এখনই নিশ্চিত করে বলা তাড়াহুড়ো হবে বলে মাস্ক উল্লেখ করেন। বিশেষ কমিটিগুলো এখনো চুক্তির শর্তাবলীতে একমত হয়নি এবং এমনটাও হতে পারে যে তারা কখনোই একমত হবে না। মাস্ক বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি এবং তিনি টেসলার প্রায় এক-পঞ্চমাংশ এবং স্পেসএক্সের অর্ধেকের সামান্য কম মালিকানার অধিকারী। বিশ্লেষকরা বলছেন, একীভূত হলে নতুন কোম্পানির নিয়ন্ত্রণ তার হাতেই থাকবে। এই আলোচনা সাম্প্রতিক সপ্তাহগুলোতে শুরু হয়েছে। রয়টার্সকে নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র জানায়, স্পেসএক্স টেসলাকে অধিগ্রহণ করতে পারে। টেসলা এই আলোচনার জন্য একটি বিনিয়োগ ব্যাংকের সঙ্গে কাজ করছে।










