• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

ইরান ইস্যুতে ‘শিগগিরই কিছু একটা ঘটবে’: ট্রাম্প

প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ১১:৫৪
আপডেট: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ১১:৫৪

ইরান ইস্যুতে ‘শিগগিরই কিছু একটা ঘটবে’: ট্রাম্প
 

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো আলোচনা চলছে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দুই দেশের মধ্যে চলমান সংঘাতের বিষয়ে শিগগিরই কোনো একটি পরিণতি আসবে বলে মন্তব্য করেছেন তিনি।

স্থানীয় সময় বুধবার (২১ অক্টোবর) দক্ষিণ ক্যারোলাইনায় একটি জনসভা থেকে ফেরার পথে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ সময় ইরানের সঙ্গে আলোচনা চলছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘না, আমার মনে হয় না আমরা আলোচনা করছি। তবে একভাবে হোক বা অন্যভাবে, শিগগিরই কিছু একটা ঘটবে।’

ট্রাম্প আরও বলেন, অধিকাংশ মানুষ মনে করছেন, মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হতে পারে। এখন কী ঘটে, তা দেখার অপেক্ষায় রয়েছেন তারা।

এর আগে দক্ষিণ ক্যারোলাইনার জনসভায় ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র চাইলে এখনই ইরানের সঙ্গে যুদ্ধের ইতি টানতে পারে। তবে তিনি এমন একটি পরিণতি নিশ্চিত করতে চান, যা দীর্ঘস্থায়ী হবে।

ট্রাম্প বলেন, ‘এটি খুব শিগগিরই শেষ হবে। আমরা এখনই চলে যেতে পারি, কিন্তু আমরা নিশ্চিত হতে চাই, যাতে এর ফল দীর্ঘদিন স্থায়ী হয়।’

তিনি দাবি করেন, সামরিক ও অর্থনৈতিক—উভয় ক্ষেত্রেই যুক্তরাষ্ট্র ইরানকে পরাজিত করেছে। একই সঙ্গে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

ট্রাম্পের এই বক্তব্যের মধ্যেই দ্য নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন করে হামলা চালানোর পরিকল্পনা তৈরি করেছে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক বাহিনী।

প্রতিবেদনটিতে মার্কিন কর্মকর্তাদের পাশাপাশি সংশ্লিষ্ট আলোচনা সম্পর্কে অবগত কয়েকজনের বরাত দেওয়া হয়েছে।

তবে ইরানে নতুন করে হামলা চালানোর অনুমতি ট্রাম্প দেবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর বড় ধরনের সামরিক অভিযান আবার শুরু করার একাধিক পরিকল্পনায় ট্রাম্প বারবার ভেটো দিয়েছেন।

এ বিষয়ে হোয়াইট হাউসের এক কর্মকর্তা দ্য নিউইয়র্ক টাইমসকে বলেন, এমন সামরিক পরিকল্পনা নিয়ে প্রশাসন মন্তব্য করে না, যেগুলো বাস্তবে থাকতেও পারে, নাও পারে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম