• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে একের পর এক শক্তিশালী বিস্ফোরণ

প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ১১:৫৬
আপডেট: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ১১:৫৬

হরমুজ প্রণালিতে একের পর এক শক্তিশালী বিস্ফোরণ
 

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বুধবার (২১ অক্টোবর) কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ প্রণালির কাছে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা জানায়, হরমোজগান প্রদেশের সিরিক এলাকার কারপান অঞ্চলে কয়েক মিনিটের ব্যবধানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে এলাকাটি কোনো হামলার লক্ষ্যবস্তু হয়েছিল, নাকি সেখান থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানানো হয়নি।

ইরনা আরও জানায়, বিস্ফোরণের প্রকৃতি সম্পর্কে স্থানীয় সূত্রগুলো এখনো কোনো তথ্য প্রকাশ করেনি।

চলতি মাসে ওই এলাকায় এই প্রথম বিস্ফোরণের খবর পাওয়া গেল। সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাতের তীব্রতা তুলনামূলকভাবে কম থাকলেও নতুন এই ঘটনায় পরিস্থিতি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে সংঘাত শুরু হয়। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা এবং দেশটির কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডার নিহত হন।

এরপর গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি অবরোধের চেষ্টা করে ইরান। দেশটি জানায়, এই প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে তাদের অনুমতি নিতে হবে। স্বাভাবিক সময়ে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবহণ করা হয়।

ইরানের এই পদক্ষেপের জবাবে যুক্তরাষ্ট্র দেশটির বন্দর ও জাহাজের ওপর পালটা অবরোধ আরোপ করেছে।

বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কাছে নতুন করে বিস্ফোরণের খবর এমন এক সময়ে এল, যখন ওই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের প্রভাব নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ রয়েছে। তবে সর্বশেষ বিস্ফোরণের কারণ এখনো স্পষ্ট নয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম