শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
ছাত্রদলের হাত ধরেই নিজের রাজনৈতিক শিক্ষার শুরু বলে মন্তব্য করেছেন আমজনতা দলের সদস্যসচিব মো. তারেক রহমান।
সোমবার দিবাগত রাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।
স্ট্যাটাসে তারেক রহমান লিখেছেন, ২০১১ সালে ছাত্রদলের মিছিলের সামনের সারিতে ছিলেন তিনি। ওই সময় রানীর দিঘীর পাড়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও ছাত্রলীগের শহর শাখার নেতাকর্মীরা তার গলায় এন্টিকাটার ধরেছিলেন বলে দাবি করেন তিনি।
তারেক রহমান জানান, ২০১৩ সালে কোটা আন্দোলনে অংশ নিতে একটি দল নিয়ে ঢাকায় এসে চারুকলার সামনে আক্রান্ত হন তারা। ২০১৪ সালের নির্বাচনকেন্দ্রিক হরতাল-অবরোধেও সক্রিয় ছিলেন তিনি। এরপর রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিয়ে পড়াশোনার পাশাপাশি ব্যবসায় যুক্ত হন।
তবে ২০১৩ সালের কোটা আন্দোলনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ২০১৭ সালে আবারও কোটা আন্দোলনে অংশ নিতে ঢাকায় আসেন বলে জানান তিনি।
তার ভাষ্য, ২০১৮ সালের কোটা আন্দোলনের উদ্যোগ তিনি নিজেই নিয়েছিলেন।আন্দোলনের প্রস্তুতি সম্পর্কে তারেক রহমান লেখেন, ২০১৮ সালের কোটা আন্দোলন শুরুর আগে পাবলিক লাইব্রেরিতে পড়াশোনা করতেন তিনি। সেখানে শিক্ষার্থীদের টেবিলে টেবিলে হাতে লেখা লিফলেট রেখে আন্দোলনের পক্ষে জনমত তৈরির চেষ্টা করতেন। শিক্ষার্থীদের বড় আন্দোলনের জন্য প্রস্তুত করতে অনেক পরিশ্রম করতে হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।
এ কাজে কনফিডেন্স ও ওরাকল সার্বিকভাবে সহযোগিতা করেছিল বলে জানান তারেক রহমান। বিশেষ করে কনফিডেন্সের শিক্ষক সানোয়ার স্যারের সহযোগিতার কথা উল্লেখ করেন তিনি।
আ/আ












