• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

‘গোলাম পরওয়ারকে রক্ষা করতে গেলে জামায়াতকেও দায় নিতে হবে’

প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ২:০৮
আপডেট: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ২:০৮

‘গোলাম পরওয়ারকে রক্ষা করতে গেলে জামায়াতকেও দায় নিতে হবে’
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

 

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে একটি দেশের গোয়েন্দা সংস্থার কর্মকর্তার বৈঠক নিয়ে প্রকাশিত খবরের প্রতিবাদ জানিয়ে দলটির দেওয়া বিবৃতি ও গোলাম পরওয়ারের বক্তব্যের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। এ ঘটনায় গোলাম পরওয়ারকে উদ্দেশ করে তিনি বলেছেন, ‘মিয়া গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছে।’

বুধবার (২৮ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে রাশেদ খান প্রশ্ন তোলেন, জামায়াতের এই বিবৃতির ভাষা কি প্রমাণ করে না যে, মিয়া গোলাম পরওয়ার গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন? বিবৃতিতে কোথাও বৈঠক না হওয়ার বিষয়ে অস্বীকার করে নাই এবং বিবৃতিতে কোথাও ভারত শব্দটা পর্যন্ত আনে নাই! কেন?

ফেসবুক পোস্টে গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক নিয়ে গোলাম পরওয়ারের বক্তব্য দেওয়ার ধরন নিয়েও প্রশ্ন তোলেন রাশেদ খান।

তিনি আরও লেখেন, এর মূল কারণ হলো, প্রথম প্রশ্নে তিনি ইতস্তত অনুভব করছিলেন যে, টুপি মাথায় দিয়ে আর কতো মিথ্যা বলা যায়! আমিও অবাক হলাম, জামায়াত যে ইসলামের কথা বলে! তাদের ইসলাম মানে কি টুপি মাথায় দিয়ে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানানো?

এর আগে মঙ্গলবার (২৭ অক্টোবর) মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত একটি দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে তার বৈঠকসংক্রান্ত খবরের প্রতিবাদ জানান। বিবৃতিতে তিনি এসব খবরকে জামায়াতে ইসলামীর সুনাম ক্ষুণ্ন করার ষড়যন্ত্রমূলক প্রচেষ্টা হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক পন্থায় রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে এবং রাষ্ট্রীয় মর্যাদা সমুন্নত রেখে বিদেশি রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে। দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার একটি দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের প্রতিবাদ জানানো হয়।

জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের ওই বিবৃতিতে অভিযোগের সত্যতা প্রমাণের আহ্বান জানান। তিনি বলেন, সেক্রেটারি জেনারেলকে জড়িয়ে অসত্য তথ্য ছড়ানোর অভিযোগ যাদের বিরুদ্ধে উঠেছে, তাদের উচিত অভিযোগের সত্যতা জাতির সামনে প্রকাশ করা। অসত্য তথ্য দিয়ে গোলাম পরওয়ারকে বিতর্কিত করার প্রচেষ্টা সফল হবে না।

পাশাপাশি মিথ্যা প্রচারণা ও অপপ্রচারের বিষয়ে নাগরিকদের সতর্ক থাকার এবং বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানায় জামায়াত।

 

আ/আ

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম