শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, ‘মওলানা ভাসানী একজন আইকনিক ক্যারেক্টার। তার জীবন থেকে অনেক কিছু শিক্ষণীয় রয়েছে। সেজন্যই এ বিশ্ববিদ্যালয়ের নাম দেওয়া হয়েছে মওলানা ভাসানী।’
মঙ্গলবার সন্ধ্যায় টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভাসানীর আদর্শ থেকে অনেক কিছু শিখতে পারে। এই আদর্শকে তুলে ধরে বিএনপি এবং আমাদের প্রধানমন্ত্রী শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। আগামীর বাংলাদেশ গড়ার জন্য উনি নিরলসভাবে কাজ করছেন।
তিনি আরও বলেন, আমরা ৪টি নতুন বই প্রধানমন্ত্রীর নির্দেশে করেছি। চতুর্থ শ্রেণিতে সংস্কৃতি ও খেলাধুলা এবং ষষ্ঠ শ্রেণিতে লার্নিং উইথ হ্যাপিনেস (আনন্দময় শিক্ষা) এবং আমার কারিগরি শিক্ষা। সেই সঙ্গে জেলা শহরগুলোর জন্য কীভাবে ট্রাফিকের ব্যবস্থা শিখতে হয়, তা জানার জন্য আমরা অপশনাল বইও দিচ্ছি পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণিতে।
মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহীদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল-মামুন, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু, টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনিসুর রহমান প্রমুখ। সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতা এবং বিভিন্ন চাকরিদাতা প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এর আগে দুপুরে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ক্যারিয়ার ও চাকরি মেলার উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ উপলক্ষে সকালে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যাম্পাসের সড়ক প্রদক্ষিণ করে।
আ/আ













